ভোট কেনার অভিযোগে জামায়াত নেতার কারাদণ্ড, কড়াইল ও সূত্রাপুরে সংঘর্ষ
রাজধানীর সূত্রাপুরে ভোট কেনার অভিযোগে জামায়াতে ইসলামী সূত্রাপুর থানা শাখার নায়েবে আমির মো. হাবিবকে দুই দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
লালবাগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. নাজিম উদ্দিন আল আজাদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আটক করার পর ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে দুই দিনের কারাদণ্ড দেন।
এদিকে একই এলাকায় পৃথক আরেকটি ঘটনায় জামায়াত ও বিএনপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরিদর্শক মোহাইমিনুল জানান, একজন প্রিসাইডিং কর্মকর্তা পোলিং এজেন্টদের মধ্যে কার্ড বিতরণ করছিলেন। এ সময় কিছু বিএনপি কর্মী বাধা দেওয়ার চেষ্টা করেন।
তিনি আরও বলেন, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এর আগে বনানী থানার কড়াইল বস্তিতে দুই দলের নারী কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জামায়াতের এক নারী কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জামায়াতের নারী কর্মীরা তাদের পোলিং এজেন্টদের সঙ্গে আলোচনা করছিলেন। বিএনপির কিছু নারী সমর্থক সেখানে গিয়ে বাধা দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।
ওসি আরও বলেন, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।