পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালীর কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম ওরফে কাজল মৃধাকে ৫০ লাখ টাকাসহ আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার দিবাগত রাতে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সাড়ে ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের সামনের আবাসিক এলাকা থেকে কোস্ট গার্ডের সদস্যরা তাকে আটক করেন। মানি লন্ডারিং আইনে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কোস্ট গার্ডের একজন সদস্য বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার কাওসার হামিদ নিশ্চিত করেছেন কাজল মৃধার কাছে ৫০ লাখ টাকা পাওয়া গেছে।

এ ব্যাপারে জানতে চাইলে কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী বলেন, কাজল মৃধা শহরের একজন বিশিষ্ট বালু ব্যবসায়ী এবং সম্ভ্রান্ত পরিবারের সন্তান। টাকাসহ আটকের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন এবং বিএনপির দলীয় কোনো সম্পর্ক নেই।