ভোটগ্রহণ চলছে, কেন্দ্রে ভোটারদের লাইন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আজ বৃহস্পতিবার। আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল সাড়ে ৭টায়। বিরতিহীনভাবে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদকেরা বিভিন্ন কেন্দ্র থেকে জানিয়েছেন, সকাল থেকেই ভোটারেরা ভোট দিতে লাইনে দাঁড়ান। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদেরও লাইনে দাঁড়াতে দেখা গেছে।
রাজধানীর মণিপুর স্কুল কেন্দ্রে ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তরুণ ভোটার আরাফাত মোল্লা আবির। তিনি বলেন, ভেতরে সবকিছু সুন্দর চলছে। নির্বিঘ্নে ভোট দিয়ে এসেছি।
রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরেও ভোটারদের লাইন দেখা গেছে। এসব কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি আছে।
২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর এটি প্রথম সংসদ নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখেরও বেশি।
আজ দেশের ২৯৯ সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছিল ইসি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। এই নির্বাচনে মোট দুই হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা এক হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন।
নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় নয় লাখ সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি এক লাখেরও বেশি সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশবাসীকে ‘শুভেচ্ছা’ জানিয়ে গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।