আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই: সিইসি

স্টার অনলাইন রিপোর্ট

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয়ে ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সিইসি বলেন, ২০২৬ সালে সারা বিশ্বে সবচেয়ে বড় একটা নির্বাচন হচ্ছে বাংলাদেশে। এত বড় নির্বাচন আর ২০২৬ সালে কোথাও হয়নি।

তিনি বলেন, গতকাল বিদেশি অবজারভার ও সাংবাদিকদের সঙ্গে আমরা মতবিনিময় করেছি। বিভিন্ন দেশের ইলেকশন কমিশনার আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাদের সঙ্গে কথা বলেছি। তারা অত্যন্ত আনন্দিত আমাদের অ্যারেঞ্জমেন্ট দেখে।

তিনি আরও বলেন, সব চ্যালেঞ্জ মোকাবিলা করে এসেছি। আমরা জানি না সামনে আরও কী চ্যালেঞ্জ আসবে। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা সব চ্যালেঞ্জ মোকাবিলা করব। বাংলাদেশ যে গণতন্ত্রের পথে রওনা দিয়েছে, গণতন্ত্রের ট্রেন ইনশাআল্লাহ স্টেশনে পৌঁছাবে।

এ এম এম নাসির উদ্দিন বলেন, আমরা যে ওয়াদা জাতিকে দিয়েছিলাম, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন, সেই লক্ষ্যে আমরা কাজ করেছি। আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই।

তিনি বলেন, আমরা শুধুমাত্র একটা সুন্দর পরিবেশ, নির্বাচনের পরিবেশ সৃষ্টি সৃষ্টি করার চেষ্টা করেছি। আমার ধারণা আমরা ইনশাআল্লাহ করতে পেরেছি।

তিনি আরও বলেন, প্রথমেই বলেছিলাম, সোশ্যাল মিডিয়া এবং এআই জেনারেটেড কনটেন্ট আমাদের জন্য এক নম্বর থ্রেট হবে। এর জন্য আমরা অনেক প্রস্তুতি নিয়েছি। আমরা সত্য তথ্য দিয়ে অপতথ্যকে মোকাবিলার যে স্ট্র্যাটেজি, সেটা নিয়েছি। দয়া করে সত্য তথ্যটা প্রচার করবেন।