অনিয়মের অভিযোগ নিয়ে ইসিতে ১১ দল, বিভিন্ন কেন্দ্রে ভোট স্থগিতের দাবি
কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১ আসনসহ বেশ কয়েকটি আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনে (ইসি) লিখিত অভিযোগ দিয়েছে ১১ দলীয় জোট। এসব কেন্দ্রে ভোট স্থগিত করে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ করে জোটের একটি প্রতিনিধিদল এ অভিযোগ জানায়।
সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। তিনি জানান, সিইসির কাছে একটি লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে, যেখানে অনিয়মের প্রমাণ হিসেবে শতাধিক ভিডিও ফুটেজের লিংক সংযুক্ত করা হয়েছে। তবে ঠিক কতটি কেন্দ্রে অভিযোগ করা হয়েছে, তা তিনি নির্দিষ্ট করে বলেননি।
জামায়াত নেতা অভিযোগ করে বলেন, কুমিল্লা-৮ আসনে তাদের জোটের পোলিং এজেন্টদের ৩০টি কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে জানানোর পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তিনি আরও অভিযোগ করেন, গতকাল রাত থেকে নোয়াখালী-৬ আসনে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ছাড়া ঝালকাঠি ও শরীয়তপুরেও দলীয় এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
১১ দলীয় জোট অবিলম্বে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

