ভোটে অনিয়মের অভিযোগে ১৭ জেলায় আটক ৩৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলাকালে দেশের বিভিন্ন স্থানে জাল ভোট, ব্যালট জালিয়াতি, ভুয়া এজেন্ট সেজে প্রবেশ এবং ভোটারদের টাকা বিতরণের অভিযোগে ধরপাকড় চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ নির্বাচনী অনিয়মের অভিযোগে দেশের অন্তত ১৭ জেলায় মোট ৩৫ জনকে আটক করা হয়েছে।
আটকদের মধ্যে রাজনৈতিক দলের স্থানীয় নেতা, কর্মী, ভুয়া পোলিং এজেন্ট এবং অপ্রাপ্তবয়স্কও রয়েছে। অনেক স্থানে ব্যালট পেপার ছিনতাই ও ভুয়া ভোট দেওয়ার চেষ্টার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
শেরপুর
শেরপুর-১ (সদর) আসনের দক্ষিণ নলবাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষ প্রতীকে সিল মারা শতাধিক ব্যালট পেপারসহ দুই বিএনপি সমর্থককে আটক করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার ইউএনও মাহবুবা হক আটকের বিষয়টি নিশ্চিত করেন।
পঞ্চগড়
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নমুনা ব্যালটসহ ভোটারদের প্রভাবিত করার অভিযোগে জাতীয় যুবশক্তির উপজেলা আহ্বায়ক সুকুমার দাস বাবুকে আটক করা হয়।
পরে বিচারিক আদালতের বিচারক রানা পারভেজ তাকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।
পঞ্চগড়ের আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান দণ্ডাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
কুষ্টিয়া
কুষ্টিয়া-২ আসনের তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট পেপার নিয়ে পালানোর চেষ্টার সময় শাহিন নামে এক যুবককে আটক করা হয়।
মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত ওই যুবককে ৩ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
রাঙ্গামাটি
রাঙ্গামাটিতে জাল ভোট দেওয়ার পৃথক দুটি অভিযোগের ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।
শহরের পুরানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে আসা শফিউল বশরকে (১৯) আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয় বলে জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
অন্যদিকে কাউখালী উপজেলার আরটিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ইয়াছিন নামে একজনকে আটক করে সেনাবাহিনী, যা নিশ্চিত করেন ইউএনও কাজী আতিকুর রহমান।
সিলেট
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে গিয়ে কাউসার মিয়া ও ফাহিম মিয়া নামে দুই কিশোর আটক হয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম কিশোরদের আটকের বিষয়টি নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের ভৈরবে কেন্দ্র এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির নেতা হাসমত মিয়াকে আটক করেছে সেনাবাহিনী।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে হোসেনপুর উপজেলার পিপলাকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ইমরান মিয়া নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
লালমনিরহাট
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুলিশের পোশাক পরে কেন্দ্রে ভোটারদের বিভ্রান্ত করার অভিযোগে এক নারীকে আটক করা হয়েছে।
আদিতমারী থানার ওসি এনামুল হক জানান, ওই নারী কেন ছদ্মবেশ ধারণ করেছিলেন তা তদন্ত করা হচ্ছে।
নেত্রকোণা
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলার কলুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে মো. বাইজিত মিয়া (১৭) নামে এক কিশোরকে আটক করে সেনাবাহিনী।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করেন।
খুলনা
খুলনা-৬ আসনের মদিনাবাদ দাখিল মাদ্রাসা কেন্দ্র থেকে ৪ জন এবং দেয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৬ জন ভুয়া পোলিং এজেন্টকে আটক করা হয়েছে।
তারা জাতীয় পার্টির প্রার্থীর স্বাক্ষর জাল করে কেন্দ্রে ঢুকেছিলেন বলে নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল বাকী।
রংপুর
ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রিপনকে আটক করেছে সেনাবাহিনী।
গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ভিডিও ফুটেজ ও অভিযোগ যাচাই করা হচ্ছে।
ভোলা
ভোলার বোরহানউদ্দিন উপজেলার আব্দুল জাব্বার কলেজ কেন্দ্রে এক ভোটারকে দুটি ব্যালট দেওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হালিমকে আটক করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন তাকে অব্যাহতি ও আটকের বিষয়টি নিশ্চিত করেন।
এ ছাড়া একই কেন্দ্রে মোবাইল ফোনে ছবি তোলার দায়ে এক ভোটারকেও আটক করা হয়।
সিরাজগঞ্জ
উল্লাপাড়া কয়ড়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ভুয়া ভোট দেওয়ার অভিযোগে রুবেল হোসেন নামে এক যুবককে ২ বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম আরিফ এ তথ্য নিশ্চিত করেন।
টাঙ্গাইল
টাঙ্গাইলের মির্জাপুরে ভোটারদের টাকা বিতরণের অভিযোগে জামায়াত নেতা জয়নাল আবেদীনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
মির্জাপুরের সরকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন।
অন্যদিকে ঘাটাইলের সরাবাড়ী কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে একজনকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ঘাটাইলের সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেন।
গাজীপুর
গাজীপুরের কাপাসিয়ার ভাওয়াল চাঁদপুর কেন্দ্রে বিএনপি-জামায়াত সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৪ জনকে আটক করা হয়।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন জানান, তাদের প্রত্যেককে ২ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঝালকাঠি
নলছিটির ভরতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগে ছাবিনা বেগম নামে এক নারীকে ২ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুক্তা রানী এ তথ্য নিশ্চিত করেছেন।
বগুড়া
বগুড়ার শিবগঞ্জ উপজেলার দারুস সুন্নত সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে অবৈধ প্রবেশের অভিযোগে বিএনপি নেতা তাহেরুল ইসলামকে আটক করে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। অভিযানে একটি বিদেশি রাইফেল, একটি স্নাইপার সদৃশ অস্ত্র, ৯টি রাইফেল, ১টি একনলা বন্দুক, ৫টি পেট্রোল বোমা ও ৭টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মো. সালেহ আল হেলাল এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় নাশকতার পরিকল্পনার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।