বাংলাদেশে কোন নির্বাচনে কেমন ভোট পড়েছিল

স্টার অনলাইন রিপোর্ট

সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট পড়েছে ৫৯ দশমিক ৪৪ শতাংশ। ভোটের পরদিন আজ শুক্রবার নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনগুলোর ভোটের হারের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এবার ভোটারদের অংশগ্রহণ ২০১৪ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনের চেয়ে বেশি হলেও ২০০৮ সালের রেকর্ড হারের তুলনায় অনেকটাই কম।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়ার রেকর্ড ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে। সেবার ৮৭ দশমিক ১৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিলেন। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পড়েছিল ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির বিতর্কিত ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে, যেখানে ভোটের হার ছিল মাত্র ২৬ দশমিক ৫৪ শতাংশ।

ভোটের হারের ওঠানামা

১৯৭৩ সালে দেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ দশমিক ৬২ শতাংশ। স্বৈরশাসক এরশাদের আমলে ১৯৮৬ সালের নির্বাচনে ৬১ দশমিক ৩১ শতাংশ এবং ১৯৮৮ সালের নির্বাচনে ৫৪ দশমিক ৯৩ শতাংশ ভোট পড়ার তথ্য পাওয়া যায়। ১৯৯১ সালে প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে ভোট পড়েছিল ৫৫ দশমিক ৪৫ শতাংশ।

১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ব্যাপকভাবে বাড়ে। সেবার ৭৪ দশমিক ৯৬ শতাংশ ভোট পড়ে। এই ধারা অব্যাহত থাকে ২০০১ সালের নির্বাচনেও, যেখানে ৭৫ দশমিক ৫৯ শতাংশ ভোটার ভোট দেন। এরপর ২০০৮ সালে তা সর্বোচ্চ চূড়ায় পৌঁছায়।

২০১৪ সালের একতরফা নির্বাচন বিরোধী দলগুলোর বর্জন করে। এতে ভোটের হার নেমে আসে ৪০ দশমিক ০৪ শতাংশে। এরপর ২০১৮ সালের নির্বাচনে ৮০ দশমিক ২ শতাংশ ভোট পড়ার কথা বলা হলেও সেই নির্বাচন নিয়ে নানা বিতর্ক রয়েছে। সর্বশেষ ২০২৪ সালের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৪২ দশমিক ০৪ শতাংশ।

সে হিসেবে, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী ২০২৬ সালের এই নির্বাচনে ভোটার উপস্থিতি আবার বেড়েছে।