নবনির্বাচিত ২৯৭ এমপির গেজেট প্রকাশ

স্টার অনলাইন রিপোর্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ প্রার্থীর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণভোটের সরকারি ফলাফলও ঘোষণা করা হয়েছে।

গতকাল শুক্রবার গভীর রাতে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়। এতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, বাবার নাম ও ঠিকানাসহ বিস্তারিত তথ্য রয়েছে। গেজেট প্রকাশের পর এখন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের পালা।

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এ ছাড়া উল্লেখযোগ্য সংখ্যক—৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।

গত ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হলো। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোট গ্রহণ স্থগিত করা হয়।