ইসিতে আপিল মনিরা শারমিনের, শুনানি কাল
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনিরা শারমিন।
আজ রোববার নির্বাচন কমিশনে (ইসি) আপিল আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এ তথ্য জানান মনিরা শারমিন।
‘আমার মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করেছি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে শুনানির জন্য সময় দিয়েছে,’ বলেন তিনি।
মনিরা শারমিন আরও বলেন, ‘যে আইন উল্লেখ করে আমার মনোনয়ন বাতিল করা হলো, সেটি একেবারে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্যাখা দাঁড় করানো হচ্ছে। এর বিরুদ্ধেই মূলত আমার আইনি লড়াইটি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, যে কারণে আইনটি করা হয়েছিল, সে জায়গা থেকে সরে আইনটি সংরক্ষিত নারী আসনের উদ্দেশ্যকে ব্যাহত করছে। কারণ, একজন এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা যার চাকরির বয়স দুই বছর, তার পক্ষে কাউকে সুবিধা প্রদান করা সম্ভব না। আমি প্রশাসনিক কোনো দায়িত্বেও ছিলাম না।’
গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ‘সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়া’য় মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
এর আগের দিন জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ প্রার্থীর মধ্যে ১২ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।