ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না: ইসি সানাউল্লাহ

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, কোনো অবস্থায় ভোটের সততা নষ্ট হওয়ার বিষয়ে ছাড় দেওয়া হবে না। কেউ যদি যথাযথ প্রক্রিয়া অনুশীলন না করে ভোট দেন, তাহলে তার ভোট বাতিল হয়ে যাবে। 

আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এই নির্বাচন কমিশনার বলেন, একইসময় সাধারণ ব্যালট ও পোস্টাল ব্যালট গণনা করা হবে। তবে পোস্টাল ব্যালট গণনায় সময় লাগবে। ১১৯টি প্রতীক রয়েছে প্রতিটি ব্যালটে। প্রবাসীদের ব্যালটের প্রতীকগুলো এজেন্টদের দেখিয়ে নিশ্চিত করতে হবে তারা কোথায় ভোট দিয়েছেন।

তিনি বলেন, এবারে ভোটার ও জনগণের মধ্যে ভোট দেওয়ার অধীর আগ্রহ কাজ করছে। সবাই যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন। অনেক সময় দেখা যায় দুষ্টচক্র প্রতিপক্ষের ভোটারকে আসতে বাধা দেয়।  সবাই নিজের ভোটারকে সাথে করে নিয়ে আসুক, এটাতে কোনো বাধা নেই। তবে কেউ যেন নির্বাচনে কাউকে বাধা দিতে না পারে, এটা প্রশাসনকে নিশ্চিত করতে হবে।  

তিনি আরও বলেন, পোস্টাল ব্যালট প্রবাস ও দেশ থেকে দুইভাগে হবে। প্রবাস থেকে যে ব্যালটগুলো আসবে, ডাক বিভাগ রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি সেগুলো ডেলিভারি করবে। আর দেশের ভেতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে, সেগুলো স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে আসবে।

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড, আনসারসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা নির্বাচনের আইনশৃঙ্খলা, ভোটের পরিবেশ, গণভোটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।