কার্ড জটিলতা: রোববারের মধ্যে সমাধান চান সাংবাদিকেরা
নির্বাচন সামনে রেখে সাংবাদিকদের কার্ড ও গাড়ির স্টিকারের জন্য অনলাইনে নিবন্ধন সংক্রান্ত জটিলতা আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে সমাধানের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।
আজ বৃহস্পতিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে এক বৈঠক শেষে তারা এ হুঁশিয়ারি দেন।
নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দিন জেবেল বলেন, আমাদের সঙ্গে কোনো চূড়ান্ত আলোচনা ছাড়াই নির্বাচন কমিশন অনলাইনের মাধ্যমে সাংবাদিকদের জন্য কার্ড ও স্টিকার আবেদনের নতুন একটি অ্যাপ চালু করেছে। এই অ্যাপ ইউজার ফ্রেন্ডলি নয়। এতে বর্তমানে যেমন সমস্যা হচ্ছে, ভবিষ্যতেও আরও জটিলতা তৈরি হবে।
সাংবাদিক নেতারা জানান, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) না আসা, ছবির নির্দিষ্ট মাপ ও সই সংক্রান্ত সমস্যাসহ বেশ কয়েকটি সমস্যায় পড়তে হচ্ছে সাংবাদিকদের।
কাজী জেবেল আরও বলেন, সাংবাদিক নীতিমালা সংশোধনের দাবি দীর্ঘদিনের। এ বিষয়ে একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করা হলেও এখনো পর্যন্ত নীতিমালার সংশোধন হয়নি।
তিনি বলেন, সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হয়েছে, আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধান না হলে নির্বাচনে সংবাদ সংগ্রহ, কাভারেজ ও সম্প্রচার বিষয়ে সাংবাদিক নেতারা বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম বলেন, নির্বাচনের সময়ে সাংবাদিকদের দায়িত্ব পালনের জন্য কমিশন থেকে যে কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হয়, সেটির জন্য এবার নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে।
'আমরা নির্বাচন কমিশনের কাছে স্পষ্টভাবে তুলে ধরেছি, এই পদ্ধতি মোটেও ব্যবহারপোযোগী নয়। স্বল্প সময়ের মধ্যে অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সব সাংবাদিককে কার্ড দেওয়া বাস্তবসম্মত হবে না।'
ডিইউজে নেতা মো. শহিদুল ইসলাম বলেন, সাংবাদিকদের পক্ষ থেকে আগের মতো সহজ পদ্ধতিতে কার্ড ও স্টিকার দেওয়ার দাবি জানানো হয়েছে। নির্বাচন কমিশন বিষয়টি স্বীকার করে জানিয়েছে যে নতুন নীতিমালার কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, কমিশন আশ্বস্ত করেছে যে আগামী রোববারের মধ্যেই এই সমস্যাগুলোর সমাধান করা হবে। যদি সমাধান না হয়, তাহলে আমরা আবার বৈঠক করে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সবাইকে জানাব।