চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু রোববার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন অফিস থেকে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন।
হল সংসদের মনোনয়নপত্রের ফি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা।
মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের নির্দেশনা মেনে চলতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, 'তফসিল অনুযায়ী আগামীকাল থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ চলবে। নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে, সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।'
তিনি আরও বলেন, মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রতিটি প্রার্থীকে একটি ডোপ টেস্ট কার্ড দেওয়া হবে। পরে প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে গিয়ে ৩৫০ টাকা ফি দিয়ে ডোপ টেস্টের নমুনা জমা দিতে হবে।
চাকসুর কেন্দ্রীয় সংসদে মোট পদ ২৮টি এবং প্রতিটি হল সংসদে ১৬টি। গত ২৮ আগস্ট প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী, ১৪ সেপ্টেম্বর শুধুমাত্র মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। ১৫ ও ১৬ সেপ্টেম্বর সংগ্রহ ও জমা, ১৭ সেপ্টেম্বর কেবল জমা দেওয়া যাবে। ১৮ সেপ্টেম্বর যাচাই-বাছাই ও ২১ সেপ্টেম্বর প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করবে কমিশন। ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে, ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আগামীকালই চূড়ান্ত ভোটার তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে চাকসু নির্বাচন কমিশন।