চাকসু নির্বাচনে চূড়ান্ত প্রার্থী ৯০৮ জন, খসড়া ব্যালট নম্বর প্রকাশ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী ৯০৮ জন।
এরমধ্যে কেন্দ্রীয় সংসদে ৪১৫ জন, হল ও একটি হোস্টেল সংসদে ৪৯৩ প্রার্থী। এছাড়াও প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখন প্রার্থীরা ব্যালট নম্বর ব্যবহার করে প্রচারণা চালাতে পারবেন।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রার্থীদের খসড়া ব্যালট নম্বর প্রকাশ করে নির্বাচন কমিশন।
চাকসু নির্বাচন কমিশন সদস্যসচিব অধ্যাপক এ কে এম আরিফুল হক বলেন, নাম-আইডি ত্রুটি ও ডোপ টেস্টের রিপোর্ট না দেওয়ায় চারজনের প্রার্থিতা বাতিল হয়েছে। এছাড়া ২০ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তিনি আরও বলেন, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও যদি কারো ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ আসে, তবে তার প্রার্থিতাও বাতিল হবে। আজ প্রার্থীদের খসড়া ব্যালট প্রকাশ করা হয়েছে, এখন তারা প্রচারণা চালাতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত তালিকা অনুযায়ী চাকসুর ২৬টি পদের বিপরীতে ৪১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। হল সংসদের ১৪ পদের বিপরীতে ৪৯৩ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে খসড়া ভোটার ২৭ হাজার ৫২১ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন ও ছাত্রী ১১ হাজার ৩২৯ জন।
চাকসু নির্বাচনে ভিপি পদে ২৪ জন, জিএস পদে ২২ জন, এজিএস পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ এরপর ভোট গণনা করা হবে।