সব বিশ্ববিদ্যালয় সোমবার থেকে বন্ধের নির্দেশ

স্টার অনলাইন রিপোর্ট

ঈদুল ফিতর উপলক্ষে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় আগামীকাল সোমবার থেকে বন্ধ থাকবে।

আজ রোববার শিক্ষা মন্ত্রণালয় এক চিঠিতে এ নির্দেশ দেয়।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখ করা তারিখ পর্যন্ত সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

সব বিশ্ববিদ্যালয়কে বিষয়টি জানানোর কথা বলা হয়েছে চিঠিতে।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদের সই করা চিঠিতে বলা হয়, বর্তমান সময়ে বৈশ্বিক সংকট মোকাবিলায় জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা প্রয়োজন। এজন্য সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।

মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়ন ও রমজান উপলক্ষে আগামীকাল সোমবার থেকে ঈদুল ফিতরের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখ থাকা তারিখ পর্যন্ত সব বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে কিছু নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে।

সেগুলো হলো—দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার পরিহার এবং জানালা ও দরজা কিংবা ব্লাইন্ড খোলা রেখে প্রাকৃতিক আলো ব্যবহার করতে হবে; বিদ্যমান ব্যবহৃত আলোর অর্ধেক ব্যবহার করতে হবে; প্রয়োজনের অতিরিক্ত লাইটের ব্যবহার পরিহার করতে হবে; অফিস চলাকালীন প্রয়োজনের অতিরিক্ত লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখতে হবে; এয়ার কন্ডিশনার ব্যবহারের ক্ষেত্রে তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার উপরে রাখতে হবে; অফিস কক্ষ ত্যাগ করার সময় কক্ষের বাতি, ফ্যান, এয়ার কন্ডিশনারসহ সকল বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে।

আরও বলা হয়, অফিসের করিডোর, সিঁড়ি, ওয়াশরুম ইত্যাদি স্থানে অপ্রয়োজনীয় বাতি ব্যবহার বন্ধ; বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে হবে; অফিস সময় শেষ হওয়ার পর সব বৈদ্যুতিক যন্ত্রপাতি (লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, এয়ার কন্ডিশনার ইত্যাদি) বন্ধ নিশ্চিত করতে হবে।

এছাড়া যাবতীয় আলোকসজ্জা পরিহার, গাড়ির ব্যবহার সীমিত ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে।