রোজার ছুটির ক্ষতি পোষাতে ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা
পবিত্র রমজান মাসে দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে নিতে স্কুল খোলার পর প্রথম ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকারের সই করা এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আজ মঙ্গলবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছে।
গত ১৬ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি দিয়ে মন্ত্রণালয় জানায়, পুরো রমজান মাস স্কুল বন্ধ থাকায় পাঠদান কার্যক্রম বিঘ্নিত হয়েছে।
এই ক্ষতি কাটিয়ে উঠতে স্কুল পুনরায় খোলার পর প্রথম ১০ শনিবার নিয়মিত শিক্ষা কার্যক্রম সচল রাখার নির্দেশনা দেওয়া হয়েছে চিঠিতে।
