কাপাসিয়ায় এসএসসির পুরোনো প্রশ্ন সরবরাহ, ২০ মিনিট পর সমাধান

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়ায় এসএসসি পরীক্ষায় সিংহশ্রী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ২০২৫ সালের প্রশ্নপত্র সরবরাহের ঘটনা ঘটেছে।

প্রায় ২০ মিনিট পর ভুল ধরা পড়লে পরীক্ষা স্থগিত করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়।

আজ বৃহস্পতিবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় এ ঘটনা ঘটে। এতে ওই কক্ষের ৪০ শিক্ষার্থী ভোগান্তিতে পড়ে।

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী দ্য ডেইলি স্টারকে জানায়, দুটি প্রশ্নের উত্তর লিখে ফেলার পর সে জানতে পারে পরীক্ষা বাতিল করা হয়েছে। পরে ২০ মিনিট পর নতুন প্রশ্নপত্র দেওয়া হয়। নির্ধারিত সময় পার হওয়ার পর ওই কক্ষের পরীক্ষার্থীদের অতিরিক্ত ১০-১২ মিনিট সময় দেওয়া হলেও অনেকেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি।

জানতে চাইলে হল পরিদর্শক বীর উজলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ বলেন, 'এমন ঘটনা ঘটার পর আমি শিক্ষার্থীদের অতিরিক্ত ১২ মিনিট সময় দিয়েছি।'

কেন্দ্রসচিব মাছুম কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, 'বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় ভুল করে একটি কক্ষে ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়। বিষয়টি বোঝার পর তাৎক্ষণিকভাবে সংশোধন করে ২০২৬ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। ওই কক্ষে ৪০ শিক্ষার্থী ছিল। তাদের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে।'

যোগাযোগ করা হলে গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. আল মামুন তালুকদার বলেন, 'বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের ঘটনা কেন্দ্রসচিবের জানানো উচিত ছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আরিফ সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।