অনির্দিষ্টকালের জন্য স্থগিত পাকিস্তান-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

স্পোর্টস ডেস্ক

অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত হয়ে গেছে পাকিস্তান ও আফগানিস্তানের ওয়ানডে সিরিজ। আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা দখলের পর ভ্রমণ জটিলতা, সম্প্রচার সমস্যা ও ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায় আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সঙ্গে সম্মতিতে এই সিদ্ধান্ত এসেছে। ২০২২ সালের কোন এক সময়ে ওয়ানডে সুপার লিগের অংশ এই সিরিজ হবে বলে জানায় তারা।

আফগানিস্তান স্বাগতিক হওয়ায় সিরিজটি হওয়ার কথা ছিল শ্রীলঙ্কায়। কিন্তু আফগানিস্তানে সকল আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় আফগান ক্রিকেটারদের ভ্রমণে তৈরি হয় জটিলতা। সড়ক পথে পাকিস্তান এসে সেখান থেকে দুবাই হয়ে কলম্বো যাওয়ার একটা ভিন্ন পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেটিও বাস্তবায়ন করা যাচ্ছে না।

এসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা হামিদ শেনওয়ারি ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে জানান তারা শ্রীলঙ্কার বদলে পাকিস্তানেও আয়োজনের চেষ্টা করেছিলেন, কিন্তু আফগানিস্তানের পরিস্থিতি বিবেচনায় সেই ভাবনাও বাস্তবায়নের পথে হাঁটা যায়নি।

শ্রীলঙ্কায় ৩ হাজার ৭৯৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের পর দেশটিতে ১০ দিনের লকডাউন দেওয়া হয়েছে। এই অবস্থায় সিরিজ সম্প্রচারে নিয়োজিত টেকনিশিয়ানদের বেলাতেও দেখা দেয় কোয়ারেন্টিন জটিলতা। সব মিলিয়ে সিরিজটি আয়োজনের আর বাস্তবতা থাকেনি এই সময়ে।

সিরিজ উপলক্ষে প্রস্তুতি শুরু করেছিল আফগানরা। শঙ্কা কাটিয়ে কাবুলে অনুশীলন শুরু করেছিল তারা। কিন্তু বাস্তবতা আপাতত তাদের রাখছে খেলার বাইরে।