ফাইনালে পার্থক্য গড়বেন তিনিই, হুঙ্কার ওয়েডের
প্রথমবারের মতো আইপিএলে যোগ দিয়েই ফাইনালে গুজরাট টাইটান্স। আর প্রথমবারেই বাজীমাত করতে চায় দলটি। প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালসকে হতাশায় ডোবাতে চায় দলটি। আর ফাইনালে পার্থক্যটা গড়ে দিবেন অজি তারকা ম্যাথিউ ওয়েড। ফাইনালের আগে এমন হুঙ্কার দিয়েছেন এ অজি তারকা।
এবারের আইপিএলে শুরু থেকেই দাপট দেখিয়ে খেলে চলেছে গুজরাট। রোববারের ফাইনালেও ফেভারিট দল হিসেবেই মাঠে নামছে তারা। ফিরে আসার মৌসুমে ব্যাট হাতে একদমই পারফর্ম করতে পারেননি ওয়েড। অবশ্য বেশ কয়েকটি ম্যাচেই সেট হয়ে আউট হয়েছেন হতাশা উপহার দিয়ে। চলতি মৌসুমে নয় ম্যাচে ১৬.৫৬ গড় ও ১১৬.৪১ স্ট্রাইক রেটে মাত্র ১৪৯ রান করেছেন ওয়েড। সর্বোচ্চ স্কোর ৩৫ রান।
তবে নিজের সব কিছু ফাইনালের জন্য রেখে দিয়েছেন বলে জানান এ উইকেটরক্ষক-ব্যাটার, 'আমি বড় ম্যাচ পছন্দ করি, ফাইনাল খেলতে ভালবাসি। আমার গোটা ক্যারিয়ারে আমি বরাবরই এই বড় মঞ্চ উপভোগ করি। ফাইনালের আগে ফর্মে ফিরে ফাইনালে ভালো খেলি। আশা করছি এবারের ফাইনালেও তেমনটা করতে পারব।'
আহমেদাবাদের ভরা স্টেডিয়ামে দর্শকদের সামনে খেলতেও মুখিয়ে আছেন ওয়েড, 'আমরা মৌসুমের শুরুতেই এখানে একটি ক্যাম্প করি, তাই স্টেডিয়ামটি দেখেছি আমি। খুবই সুন্দর স্টেডিয়ামটা। বয়স বাড়লে দর্শকদের চাপ ততটা বোঝা যায় না। তবে এখানে যে পরিমাণ দর্শক আসার সম্ভাবনা রয়েছে, তাতে ম্যাচের ওপর প্রভাব পড়তে বাধ্য। আমি তো ভাবিইনি, আমি আবারও কোনোদিন আমার এমন অভিজ্ঞতা হবে। সুতরাং, গোটা বিষয়টাই আমি উপভোগ করব।'
অবশ্য বড় ম্যাচে জ্বলে ওঠার নজির নতুন কিছু নয় ওয়েডের জন্য। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বের আগে সে অর্থে রানই করতে পারেননি তিনি। তবে সেমি-ফাইনালে পাকিস্তানের বিপক্ষে জ্বলে ওঠেন এ উইকেটরক্ষক-ব্যাটার। মাত্র ১৭ বলে ৪১ রানের বিধ্বংসী ইনিংসে উড়তে থাকা পাকিস্তানকে হারায় তারা।