আইপিএলে ফেরার প্রতিশ্রুতি গেইলের, জিততে চান শিরোপাও

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল ২০০৯ সাল থেকে ছিলেন আইপিএলের নিয়মিত মুখ। তবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মেগা নিলামে অবিক্রীত থেকে যান তিনি। বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি আসরটিতে তাই খেলা হচ্ছে না তার। হতাশা সামলে ৪২ বছর বয়সী ক্রিকেটার আগামী বছরের আইপিএলে ফিরে আসার প্রতিশ্রুতি দিলেন। পাশাপাশি তিনি জানালেন দুটি ফ্র্যাঞ্চাইজির নাম, যাদের অন্তত একটির হয়ে তিনি শিরোপা জিততে চান।

আইপিএলে এখন পর্যন্ত তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ইউনিভার্স বস খ্যাত গেইল। ২০০৯ সালে কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নেয় এবং সেখানে দুই মৌসুমে ১৬ ইনিংসে দুটি ফিফটিসহ ৪৬৩ রান করেন তিনি। প্রতিযোগিতায় তার সবচেয়ে স্মরণীয় সময়টা কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে। ২০১১ সালে তাকে চুক্তিবদ্ধ করেছিল দলটি। তাদের হয়ে ৮৪ ইনিংসে ৪৩.৩০ গড়ে ৩১৬৩ রান করেন গেইল। ১৫২.৭০ স্ট্রাইক রেটে পাঁচটি সেঞ্চুরি ও ১৯টি হাফসেঞ্চুরি আসে তার ব্যাট থেকে।

২০১৮ সালের নিলামে দুবার অবিক্রীত থাকেন গেইল। পরে তাকে দলে টানে পাঞ্জাব কিংস, ২ কোটি রুপির বিনিময়ে। তাদের পক্ষে ৪১ ম্যাচে ১৩৩৯ রান তোলেন তিনি। এমন পারফরম্যান্স সত্ত্বেও মেগা নিলামে অবিক্রীত থেকে ২০২২ সালের আসরে দল পাননি বাঁহাতি তারকা। তাতে অবশ্য নিজের আইপিএল অধ্যায়ের সমাপ্তি দেখছেন না তিনি।

রোববার ব্রিটিশ গণমাধ্যম দ্য মিররের কাছে গেইল আইপিএলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। সেখানেই ক্ষান্ত হননি তিনি। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি আসরের শিরোপা জেতার আকাঙ্ক্ষাও জানিয়েছেন তিনি। কারণ, আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ এখনও অজানা তার।

টি-টোয়েন্টির ফেরিওয়ালা খ্যাত গেইল বলেছেন, 'পরের বছর আমি ফিরে আসছি (আইপিএলে)। তাদের আমাকে দরকার! আমি আইপিএলে তিনটি দলের প্রতিনিধিত্ব করেছি- কলকাতা, আরসিবি (বেঙ্গালুরু) ও পাঞ্জাব।'

তিনি যোগ করেছেন, 'আরসিবি ও পাঞ্জাব, এই দুটি দলের মধ্যে একটির পক্ষে আমি শিরোপা জিততে চাই। আরসিবির সঙ্গে আমার দারুণ সম্পর্ক ছিল। সেখানে আমি সবচেয়ে বেশি সফল ছিলাম। পাঞ্জাবও ভালো দল ছিল। আমি নতুন নতুন পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসি এবং আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। দেখা যাক কী ঘটে।'