আইপিএলে শীর্ষ উইকেটশিকারি ব্রাভো পেলেন মালিঙ্গার অভিনন্দন

স্পোর্টস ডেস্ক

চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর লো ফুল টস ডেলিভারি। গতিও ছিল না। লেগ সাইডে সজোরে হাঁকিয়েছিলেন লখনউ সুপার জায়ান্টসের দীপক হুডা। কিন্তু যতটা ভাবা হয়েছিল, বল ততটা দূরত্ব অতিক্রম করতে পারল না। ক্যাচ নিলেন চেন্নাইয়ের অধিনায়ক রবীন্দ্র জাদেজা। তাতেই গড়া হয়ে গেল নতুন কীর্তি। লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারির আসনে বসে পড়লেন ব্রাভো।

বৃহস্পতিবার মুম্বাইতে চেন্নাইয়ের বিপক্ষে লখনউয়ের ইনিংসের ১৮তম ওভারে রেকর্ড গড়েন ক্যারিবিয়ান তারকা ব্রাভো। ২০০৮ সাল থেকে নিয়মিত আইপিএলে খেলছেন তিনি। ১৫৩ ম্যাচে তার উইকেটসংখ্যা ১৭১। ২৪.০৭ গড়ে ব্রাভো ৪ উইকেট নিয়েছেন দুবার। ৫ উইকেট অবশ্য একবারও পাননি। চেন্নাই ছাড়াও তিনি খেলেছেন গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।

দুইয়ে নেমে যাওয়া শ্রীলঙ্কার সাবেক তারকা পেসার মালিঙ্গা ২০০৯ থেকে ২০১৯ সাল পর্যন্ত খেলেন আইপিএলে। মাত্র ১২২ ম্যাচে তিনি নিয়েছিলেন ১৭০ উইকেট। ১৯.৭৯ গড়ে তিনি ৪ উইকেট নিয়েছেন ছয়বার, ৫ উইকেট একবার। বর্ণাঢ্য আইপিএল ক্যারিয়ারে তিনি প্রতিনিধিত্ব করেছেন ডেকান চার্জার্স, দিল্লি ক্যাপিটালস, দিল্লি ডেয়ারডেভিলস ও সানরাইজার্স হায়দরাবাদের।

রেকর্ড হাতছাড়া হওয়ার পর মনে কোনো খেদ না রেখে মালিঙ্গা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ব্রাভোকে জানিয়েছেন শুভেচ্ছা, 'ব্রাভো একজন চ্যাম্পিয়ন। আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ায় তোমাকে অভিনন্দন বন্ধু। আরও অনেক দূর যেতে হবে ইয়াংম্যান!'

আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারিদের তালিকার পরের তিনটি স্থান ভারতের ক্রিকেটারদের দখলে। তিনে থাকা অমিত মিশ্রার নামের পাশে রয়েছে ১৫৪ ম্যাচে ১৬৬ উইকেট। পীযুষ চাওলা চতুর্থ স্থানে আছেন ১৬৫ ম্যাচে ১৫৭ উইকেট নিয়ে। পাঁচ নম্বরে থাকা হরভজন সিং ১৬৩ ম্যাচে পেয়েছেন ১৫০ উইকেট।

ব্রাভোর অর্জনের রাতে অবশ্য হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় চেন্নাইকে। এবারের আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই হারের স্বাদ নিল তারা। দলটির করা ২১০ রান তাড়া করে কেএল রাহুল, কুইন্টন ডি কক ও এভিন লুইসের ঝড়ে ৩ বল বাকি থাকতে ৬ উইকেটে জেতে লখনউ।