আমরা কখনো বিশ্বাসটা হারাইনি: বাবর

ক্রীড়া প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ বেশ অনভিজ্ঞ, উইকেটও ছিল ব্যাট করার জন্য দারুণ। তবে যেকোনো পরিস্থিতিতে ওয়ানডেতে সাড়ে তিনশোর কাছাকাছি রান তাড়া সহজ নয়। পাকিস্তানের জন্যও সেই পথে ছিল উঠা-নামা। সেঞ্চুরি করে ম্যাচ জেতানো অধিনায়ক বাবর আজম জানালেন, পথ কঠিন হলেও তাদের বিশ্বাস ছিল অটুট।

বৃহস্পতিবার লাহোরের অস্ট্রেলিয়ার দেওয়া ৩৪৮ রানের লক্ষ্য ৬ বল আগে পেরিয়ে ৬ উইকেটে জিতে যায় পাকিস্তান। যাতে বাবরের পাশাপাশি সেঞ্চুরি করেন ওপেনার  ইমাম-উল হকও। ওয়ানডেতে এটিই পাকিস্তানের সবচেয়ে বড় রান তাড়া করে পাওয়া জয়।

বিশাল লক্ষ্যে পাকিস্তানের শুরুটা হয় দুর্দান্ত। দুই ওপেনার ফখর জামান-ইমাম মিলে আনেন শতরানের জুটি। ক্রিজে জমে না থাকে রানও আনেন দ্রুত। ফখর ৬৪ বলে ৬৭ করে ফেরার পর আরেকটি শতরানের জুটি পান বাবর-ইমাম।। তাতেই ম্যাচ চলে আসে পাকিস্তানের দিকে।

ইমাম ৯৭ বলে করেন ১০৬। বাবর ৮৩ বলে খেলেন ১১৪ রানের ইনিংস। শেষ দিকে খুশদিল শাহ ১৭ বলে ২৭ করলে জয় নিশ্চিত হয় তাদের।

প্রথম ওয়ানডেতেও সেঞ্চুরি করেছিলেন ইমাম। তবে তিনশোর বেশি রান তাড়ায় বড় ব্যবধানে হেরেছিল পাকিস্তান। ম্যাচ শেষে বাবর জানান গত ম্যাচেও একই ফরমুলায় এগুতে চেয়েছিলেন তারা,  'গত ম্যাচে আমি চেয়েছিলাম সে ক্রিজে থাকুক, কারণ সে ছিল সেট ব্যাটসম্যান।'

'সেট ব্যাটসম্যান খেলাটা বদলে দিতে পারে, বাকিদের কাজটা সহজ করে দিতে পারে। আমি তাকে বলেছি ছুটে যাওয়ার জন্য। আজ বলেছি আমরা কখনো হাল ছাড়ব  না, যত দ্রুত যত বেশি রান করতে পারি করব।'

তিন ম্যাচের সিরিজের বাঁচা -মরার সমীকরণে এমন জয় পাওয়ার পর কৃতিত্ব পুরো দলকে দেওয়ার পাশাপাশি নিজেদের বিশ্বাসের জয়গান গাইছেন বাবর, 'কৃতিত্ব পুরো দলের। আমরা দুর্দান্ত এক চেষ্টায় সফল হয়েছি। আমরা বেশ কিছু বাড়তি রান দিয়ে ফেলেছিলাম। কিন্তু ফখর ও ইমাম যেভাবে শুরু করেছিল তাতে মোমেন্টাম চলে আসে। ইমাম ও আমি মোমেন্টামটা ধরে রাখি। হাতে উইকেট থাকলে বাকি ব্যাটসম্যানদের আত্মবিশ্বাস থাকে। খেলায় অনেক উঠা-নামা ছিল কিন্তু আমরা কখনো বিশ্বাসটা হারাইনি।'

শনিবার একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে নামবে দুদল।