ইংল্যান্ডের বিপক্ষে একশো রানও করতে পারল না যুবারা
শেষ জুটিতেই এলো সর্বোচ্চ রান, শেষ ব্যাটসম্যান রিপন মন্ডলই করলেন দলের হয়ে সর্বোচ্চ। এই তথ্যই জানান দিচ্ছে কতটা বিবর্ণ ছিল বাংলাদেশ যুব দলের ইনিংস। চরম ব্যাটিং ব্যর্থতায় ইংল্যান্ডের বিপক্ষে তিন অঙ্কও স্পর্শ করতে পারেনি রাকিবুল হাসানের দল।
সেন্ট কিটস ও নেভিসে রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ৯৭ রানে। এগারো নম্বরে নেমে রিপন ৪১ বলে ৫ চার, ১ ছক্কায় অপরাজিত ৩৩ রান না করলে বাংলাদেশ থেমে যেত অনেক আগেই। পুরো ইনিংসে মাত্র তিনজন যেতে পেরেছেন দুই অঙ্কে।
টস জিতে আগে ব্যাটিং বেছে ৫১ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। দশম উইকেটে নাঈমুর রহমানকে নিয়ে ৪৬ রান যোগ করেন রিপন। আগ্রাসী মেজাজে ব্যাট করে দলকে তিন অঙ্কের কাছে নিয়ে যান তিনি।
জুনিয়র টাইগারদের ধসিয়ে দিতে মাত্র ১৬ রানে ৪ উইকেট নেন ইংল্যান্ডের বাঁহাতি পেসার জশুয়া বয়ডেন।
বাংলাদেশের ইনিংসে ছিল শম্বুক গতি ও উইকেট হারানোর মিছিল। টপ অর্ডারের প্রথম তিন ব্যাটসম্যানই ড্রাইভ করতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে। জশুয়া বয়ডেন ফেরান মাহুফিজুল ও আরিফুল ইসলামকে। প্রান্তিক নাবিলকে ছাঁটেন জেমস সেলস। কিপার ব্যাসটম্যান ফাহিম হন রান আউট। ৮ রানেই বাংলাদেশ হারায় ৪ উইকেট, ইনিংসে তখন নবম ওভার।
চরম বিপর্যস্ত পরিস্থিতি থেকে দলকে টানার চেষ্টা করেন আইচ মোল্লাহ। প্রথম সাত ব্যাটসম্যানের মধ্যে একমাত্র তিনিই যেতে পেরেছেন দুই অঙ্কে। দলের ২৬ রানে পুল করতে গিয়ে সোজা ক্যাচ উঠিয়ে বিদায় নেন আশিকুর জামান। সময় নিয়ে থিতু হয়েও আইচের ইনিংস থামে বাজে শটে। বাঁহাতি স্পিনার ফাতেহ সিংকে কাট করে পয়েন্টে ক্যাচ দিয়ে থামেন তিনি। আটে নামা মেহরুব হাসান করেন ১৪ রান। ৫০ থেকে ৫১ রানে যেতে যুবারা হারায় আরও ৩ উইকেট। শেষ দুই ব্যাটসম্যান ওই জায়গা থেকে দলকে কিছুটা লড়াইয়ের পুঁজি পাইয়ে দেন।