ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ধাক্কা খেল ভারত
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় এক ধাক্কা খেয়েছে ভারতীয় দল। অস্ট্রেলিয়া সফর থেকে নিয়মিত হওয়া তরুণ ওপেনার শুভমান গিল পায়ের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন।
বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেল্র সময় পায়ের হাড়ে চোট পেয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান। শিন বোনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে তার অন্তত ৮ সপ্তাহ সময় লাগবে।
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের এখনো মাসখানেক বাকি থাকলেও গিল এই সময়ের মধ্যে সেরে উঠতে পারবেন না। ৪ অগাস্ট নটিংহ্যামে শুরু হবে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টে তো বটেই, এরপরের দুই টেস্টেও তার না খেলার সম্ভাবনা প্রবল।
তবে সিরিজের চতুর্থ টেস্ট ২ সেপ্টেম্বর ও পঞ্চম টেস্ট শুরু হবে ১০ সেপ্টেম্বর। ওই দুই টেস্টের আগে গিলের ফিট হওয়ার সম্ভাবনা আছে।
গিল ছিটকে পড়ায় রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে ফিরতে দেখা যেতে পারে মায়াঙ্ক আগারওয়ালকে। দলের সঙ্গে ইংল্যান্ড সফরে থাকা লোকেশ রাহুলও পেতে পারেন সুযোগ।
অস্ট্রেলিয়া সফরে দারুণ সম্ভাবনার আলো দেখিয়ে ক্যারিয়ার শুরু গিলের। তবে এরপরে আবার তার খারাপ সময় গিয়েছে। ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে রান পাননি। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও তিনি ছিলেন নীরব। দুই ইনিংস মিলিয়ে তার ব্যাট থেকে আসে ২৮ ও ৮ রান।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডেই ছুটি কাটাচ্ছেন বিরাট কোহলিরা। ১৫ জুলাই ফের জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন তারা। টেস্ট সিরিজের আগে দুটি অনুশীলন ম্যাচ আছে তাদের সামনে।