ঘরে ঢুকে সাবেক স্ত্রী ও শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে জখম, যুবক আটক

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় গভীর রাতে বাড়িতে ঢুকে সাবেক স্ত্রী ও তার বাবা-মাকে কুপিয়ে জখম করার অভিযোগে শাওন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাত দেড়টার দিকে স্থানীয় ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। আহত তরুণীর নাম স্মৃতি। অভিযুক্ত শাওন শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে শাওন ওই বাড়িতে ঢুকে স্মৃতির ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে তার এক হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। এ সময় স্মৃতির চিৎকার শুনে তার বাবা-মা ছুটে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়। তাদের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. বিল্লাল হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্মৃতির হাতটি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। তার বাবা-মায়ের শরীরেও জখমের চিহ্ন রয়েছে। পরে তিনজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, স্মৃতির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল। পরে দাম্পত্যকলহের জেরে তাদের বিচ্ছেদ হয়। মঙ্গলবার রাত ১টার দিকে শাওন তাদের বাড়িতে গিয়ে স্মৃতির ওপর হামলা চালান। চিৎকার-চেঁচামেচি শুনে তার বাবা-মা এগিয়ে এলে তাদেরও কুপিয়ে জখম করা হয়।’

ওসি বলেন, ‘ঘটনার পর অভিযান চালিয়ে সকাল ৭টার দিকে শাওনকে আটক করা হয়েছে। অভিযোগ তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’