ইমরানের ক্ষমতা হারানোর প্রভাবে পদত্যাগ করতে পারেন রমিজ
ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু, এক সময়ের সতীর্থ রমিজ রাজা সরকার প্রধানের আশীর্বাদেই বসেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের বড় আসনে। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনে ইমরান মসনদ হারানোর পর পিসিবি চেয়ারম্যানের পদ শঙ্কায় পড়ে গেছে রমিজের। পাকিস্তানের গণমাধ্যম জানাচ্ছে, যেকোনো সময় পদত্যাগ করতে পারেন এই সাবেক ক্রিকেটার।
শনিবার মধ্যরাতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। জিওনিউজ জানায়, প্রধানমন্ত্রীত্ব হারানো ইমরানের সঙ্গে কথা বলে নিজের ভবিষৎ সম্পর্কে পরামর্শ নিয়েছেন রমিজ। দুবাইয়ে আইসিসি সভা থেকে ফিরে তাই পদ ছাড়তে পারেন তিনি। পদাধিকার বলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হন পিসিবির প্রধান পৃষ্ঠপোষক। নতুন প্রধানমন্ত্রী এসে ইমরানের পছন্দের রমিজকে এই পদে রাখতে চাইবেন না বলেই শঙ্কা করা হচ্ছে। সেটা আঁচ পেয়ে আগেই সরে যেতে পারেন রমিজ।
আইসিসির নিয়মিত সভায় যোগ দিতে এখনো দুবাইয়েই আছেন পিসিবি প্রধান। সেখানে বোর্ডের হয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তৎপরতা চালাচ্ছেন তিনি। ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে নিয়ে একটি চারজাতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের পরিকল্পনা নিয়ে দৌড়ঝাঁপ করছিলেন রমিজ। দুবাইয়ের সভায় তার কিছুটা অগ্রগতিও হয়েছিল।
কিন্তু দেশের ক্ষমতার বদলে নিজের অবস্থানই এখন নড়ে গেল তার। আগামী সপ্তাহেই পাকিস্তান ক্রিকেট বোর্ডে বড় বদল আসতে যাচ্ছে বলে খবর দিয়েছে দেশটির কয়েকটি গণমাধ্যম।
ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে মনোযোগ দেওয়া রমিজকে পিসিবিতে নিয়ে আসেন ইমরানই। গত সেপ্টেম্বরে পিসিবি ৩৬তম বোর্ড প্রধান হিসেবে দায়িত্ব নেন তিনি। গুঞ্জন সত্য হলে ছয় মাসের মধ্যেই শেষ হতে যাচ্ছে তার এই দায়িত্ব।