এজবাস্টন টেস্টে বর্ণবাদের শিকার হওয়ার অভিযোগ ভারতীয়দের

স্পোর্টস ডেস্ক

মাঠের লড়াই চলছে জম্পেশ, মাঠে কথার লড়াইয়েও কম যাচ্ছেন না ভারত-ইংল্যান্ডের ক্রিকেটাররা। তবে গ্যালারি থেকে এমন অভিযোগ পাওয়া গেছে, ক্রিকেট মাঠে যা কখনই কাঙ্ক্ষিত নয়। ইংলিশ সমর্থকরা ভারতীয়দের বর্ণবাদী গালাগাল দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। তা তদন্ত করে দেখার কথা জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ও ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব।

টুইটারে বেশ কয়েকজন ভারতীয় সমর্থক লিখেছেন সোমবার তাদের উদ্দেশ করে বর্ণবাদী আচরণ করেছেন ইংলিশ সমর্থকরা। ইয়র্কশায়ারের সাবেক স্পিনার আজিম রফিক এসব পোস্ট শেয়ার করে লিখেছেন, 'খুবই দুর্ভাগ্যজনক।'

ভারতীয় সমর্থক গোষ্ঠী 'ভারত আর্মি'র সদস্য অনিল সেহমি নির্দিষ্ট করে দিয়েছেন অভিযোগ, '২২ নম্বর ব্লকে বর্ণবাদী আচরণ করা হয়েছে ভারতীয়দের। নিরাপত্তা কর্মীদের জানানো হলেও তারা কোন পাত্তা দেননি। উলটো বর্ণবাদের শিকার ভারতীয় সমর্থকদেরই সামলে চলতে বলা হয়।'

এসব অভিযোগ কর্তৃপক্ষের নজরে আনেন আজিম। তার টুইটের পরই নড়েচড়ে উঠে ইসিবি ও মাঠের মালিক ওয়ারউইকশায়ার কাউন্টি ক্লাব। এজবাস্টনের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয় তদন্তের কথা,  'এরকমটা জানতে পেরে আমরা মর্মাহত। দুঃখপ্রকাশও করছি। কোনভাবেই এসব আচরণ সহ্য করা হবে না। দ্রুত তদন্ত করা হবে।'

ইসিবিও আলাদা বিবৃতিতে জানায়, বিষয়টি আলাদাভাবে তদন্ত করে দেখবে তারা।