এবারের আইপিএলে বাটলারের তৃতীয় সেঞ্চুরি, খরুচে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

উদ্বোধনী জুটিতে বিশাল এক জুটি গড়লেন জস বাটলার ও দেবদূত পাড্ডিকাল। ফিফটি করে পাড্ডিকাল সাজঘরে ফিরলেও বাটলারকে আটকাতে পারল না দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএলে তার তৃতীয় ও টানা দ্বিতীয় সেঞ্চুরিতে দুইশ ছাড়ানো পুঁজি পেল রাজস্থান রয়্যালস। বাটলারের তাণ্ডবের বিপরীতে সতীর্থ বোলারদের মতো বেদম মার খেলেন দিল্লির বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানও।

শুক্রবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে রাজস্থান। নির্ধারিত ২০ ওভারে তারা ২ উইকেট হারিয়ে তোলে ২২২ রান।

রাজস্থানের হয়ে বাটলার খেলেন ১১৬ রানের ঝলমলে ইনিংস। বিস্ফোরক ব্যাটিংয়ে মাত্র ৬৫ বল খেলে সমান ৯টি করে চার ও ছক্কা মারেন ইংল্যান্ডের এই তারকা ব্যাটার। পাড্ডিকালের সঙ্গে তিনি যোগ করেন ১৫৫ রান। সেজন্য লাগে কেবল ৯১ বল। এরপর সঞ্জু স্যামসনের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ২৩ বলে ৪৭ রান আনেন তিনি।

রাজস্থানের রান উৎসবের বিপরীতে নিতান্ত সাদামাটা ছিলেন দিল্লির বোলাররা। মোস্তাফিজ ৪ ওভারে ৪৩ রান খরচায় নেন ১ উইকেট। তার করা ১৯তম ওভারের শেষ বলে লং-অনে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাটলার।

গত ২ এপ্রিল চলমান আইপিএলে নিজের প্রথম সেঞ্চুরির স্বাদ নিয়েছিলেন বাটলার। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে করেছিলেন ঠিক ১০০ রান। ৬৮ বলের ইনিংসে সেদিন তিনি মেরেছিলেন ১১ চার ও ৫ ছক্কা। রাজস্থানের সবশেষ ম্যাচেও তিন অঙ্কে পৌঁছান বাটলার। মুম্বাইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১০৩ রান আসে তার ব্যাট থেকে। ৬১ বলের ইনিংসে তিনি হাঁকিয়েছিলেন ৯ চার ও ৫ ছক্কা।

পাড্ডিকালের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৫৪ রান। ইনিংসের ১৬তম ওভারে খলিল আহমেদের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পোড়ার আগে তিনি হাঁকান ৭ চার ও ২ ছক্কা। তিনে নেমে আগ্রাসন চালান স্যামসনও। ১৯ বলে ৫ চার ও ৩ ছয়ে ৪৬ রানে অপরাজিত থাকেন তিনি। শিমরন হেটমায়ার করেন ১ বলে ১ রান।