ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারতের ওয়ানডে দলে নেই রোহিত-কোহলিরা
ইংল্যান্ডের সফরে ওয়ানডে সিরিজে পুরো শক্তি নিয়ে নামলেও ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে সেরা দল পাঠাচ্ছে না ভারত। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, জাসপ্রিট বুমরাহ, রিশভ পান্ত, হার্দিক পান্ডিয়া, লোকেশ রাহুলরা থাকছেন না। তাদের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওপেনার শেখর ধাওয়ান।
বুধবার ধাওয়ানকে অধিনায়ক করে ১৬ জনের দল দিয়েছে বিসিসিআই। এই সিরিজে দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।
চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষেও নেই লোকেশ রাহুল। তাকে পাওয়া যাচ্ছে না ক্যারিবিয়ান সফরেও। ওপেনিং পজিশনে তাই ধাওয়ানের সঙ্গী হতে দলে আছেন রতুরাজ গায়কোয়াড় ও শুভমান গিল।
পান্ত না থাকায় জায়গা হয়েছে সঞ্জু স্যামসনের। বুমরাহর অনুপস্থিতিতে পেস আক্রমণ সামলাবেন প্রসিদ কৃষ্ণ, আবেশ খান, মোহাম্মদ সিরাজরা।
ত্রিনিদাদের পোর্ট অব স্পেনে ২২ জুলাই শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে বাকি দুই ম্যাচ ২৪ ও ২৭ জুলাই। ওয়ানডের পর দুদল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের ওয়ানডে দল: শেখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), রতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ঈশান কিশান, সঞ্জু স্যামসন, শার্দুল ঠাকুর, যুজভেন্দ্র চেহেল, আক্সার প্যাটেল, আবেশ খান, প্রসিদ কৃষ্ণ, মোহাম্মদ সিরাজ, আর্শ্বদ্বীপ সিং।