করোনাভাইরাসের ধাক্কায় কোয়েরেন্টিনে মোস্তাফিজরা

স্পোর্টস ডেস্ক

আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এবার আক্রান্ত হয়েছেন দিল্লি ক্যাপিটালসের একজন খেলোয়াড়। জানা গিয়েছে আক্রান্ত খেলোয়াড় একজন অজি ক্রিকেটার। ফলে গোটা দলকে রাখা হয়েছে কোয়ারেন্টিনে।

মূলত রেপিড টেস্টে পজিটিভ আসে দিল্লির সেই ক্রিকেটারের। এবার পিসিআর টেস্ট করানো হবে তার। এরপরই নিশ্চিত হওয়া যাবে। তবে আপাতত পুরো দলকেই থাকতে হচ্ছে কোয়ারেন্টিনে।

পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে আজ সোমবারই পুনেতে উড়ে যাওয়ার কথা ছিল দিল্লির। হঠাৎ করে এ ঝামেলায় আটকে আপাতত যাওয়া হচ্ছে না তাদের। সফর বাতিল করা হয়েছে। আজ এবং আগামীকাল মঙ্গলবার দলের প্রতি সদস্যের পিসিআর টেস্ট করানো হবে।

এর আগে আক্রান্ত হয়েছিলেন দিল্লির ফিজিও প্যাট্রিক ফারহার্ট কনোর। তারপরও শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামে দিল্লির দল। সতর্কতার পদক্ষেপ হিসেবে দিল্লির খেলোয়াড়দের প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে হ্যান্ডশেক না করার অনুরোধ করা হয়েছিল।

ফিজিও ফারহার্টের পর দলের একজন সাপোর্ট স্টাফও আক্রান্ত হয়েছিলেন। এবার আক্রান্ত হলেন একজন ক্রিকেটারই। তাতে গোটা আসরই পড়েছে শঙ্কায়। এ ভাইরাসের প্রকোপে গত দুই মৌসুমে ঘরের মাটিতে আইপিএল আয়োজন করা যায়নি। গত বছর অবশ্য দেশের মাটিতে শুরু হয়। তবে স্থগিত হয়ে যায় মাঝপথে। পরে আরব আমিরাতে আসর শেষ করতে হয়।

এ বছরও আইপিএল ভারতে হবে কিনা তা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছিল। গত কয়েক মাসে ভারতে সংক্রমণের হার অনেকটা কমে যাওয়ায় মহারাষ্ট্রের দুটি শহরে এ আসর আয়োজন করার সিদ্ধান্ত নেয় বিসিসিআই। যথারীতি কড়া জৈব বলয়ের ব্যবস্থা করা হলেও সংক্রমণ ঠেকানো সম্ভব হলো না।