কেপটাউন টেস্টে ডিআরএস বিতর্ক, কোহলিকে একহাত নিলেন গম্ভীর

স্পোর্টস ডেস্ক

চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকার রান তাড়ায় ২১তম ওভার চলছিল তখন। ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের ডেলিভারি আঘাত করল ডিন এলগারের হাঁটুর নিচে। আম্পায়ার মারাইস ইরাসমাস তৎক্ষণাৎ দিলেন আউটের সিদ্ধান্ত। এরপর রিভিউ নিলেন বাঁহাতি ওপেনার এলগার। কিন্তু বল ট্র্যাকিংয়ে দেখা গেল, বলটি চলে যেত স্টাম্পের উপর দিয়ে। তৃতীয় আম্পায়ার আল্লহুডিয়েন পালেকার ইরাসমাসকে নির্দেশ দিলেন সিদ্ধান্ত বদল করার জন্য।

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তখন ফুটে উঠল বিরক্তি আর অবিশ্বাস। স্টাম্প মাইকে ধরা পড়ল আম্পায়ার ইরাসমাসের প্রতিক্রিয়াও, 'এটা তো অসম্ভব।' কারণ, বল এলগারের প্যাডের যে জায়গায় লেগেছিল, সেখান থেকে অতটা উপরে উঠে স্টাম্পে না লাগা বিস্ময়করই বটে।

কিন্তু আগের দিন বৃহস্পতিবারের ওই ঘটনার পর ভারতের ক্রিকেটাররা যা করল, তা ক্রিকেট বিশ্বে বইয়ে দিল আলোচনা-সমালোচনার জোয়ার। দলটির সহ-অধিনায়ক লোকেশ রাহুল বলেন, 'গোটা দেশ খেলছে ১১ জনের বিরুদ্ধে।'

অশ্বিন লক্ষ্যবস্তু করেন দক্ষিণ আফ্রিকার সম্প্রচারকারী সংস্থা সুপারস্পোর্টকে, 'অন্য ভাবে জেতার পথ খোঁজা উচিত সুপারস্পোর্টের।'

ভারতের অধিনায়ক বিরাট কোহলি ছাড়িয়ে যান সবাইকে। স্টাম্প মাইকের কাছে গিয়ে তিনি বলেন, 'শুধু প্রতিপক্ষ নয়, নিজেদের দলের দিকেও খেয়াল করো। সব সময় কেবল লোকজনকে ধরার চেষ্টা।'

gambhir_afp.jpg
ছবি: এএফপি

তবে কেপটাউন টেস্টের তৃতীয় দিনে ঘটা ওই ঘটনায় ভারতের ক্রিকেটারদের আবেগের এমন বহিঃপ্রকাশ মানতে পারেননি দলটির সাবেক তারকা গৌতম গম্ভীর। দিনের খেলা শেষে নিজ দেশের টেলিভিশন চ্যানেল স্টার স্পোর্টসের সঙ্গে এক আলাপচারিতায় তিনি কোহলিকে দাঁড় করান কাঠগড়ায়, 'এটা সত্যিই খারাপ হয়েছে। কোহলি যা করল, স্টাম্প মাইকের কাছে গিয়ে যেভাবে প্রতিক্রিয়া জানাল, সেটা সত্যিই অপরিণত। আপনি একজন আন্তর্জাতিক অধিনায়কের কাছ থেকে, একজন ভারতীয় অধিনায়কের কাছ থেকে এমনটা আশা করেন না।'

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সুপারস্পোর্টের পক্ষ থেকে ওই ডিআরএসের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়। একটি গ্রাফিক্স পোস্ট করে তারা জানায়, কেপটাউনের উইকেটে বাড়তি বাউন্স রয়েছে। ওই কারণেই বল চলে যায় স্টাম্পের উপর দিয়ে।

দিনের শেষে সংবাদ সম্মেলনে ভারতের বোলিং কোচ পরশ মামব্রে অবশ্য বিতর্ককে থামানোর চেষ্টা করেন, 'মাঠে সবাই নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। সেই সময় লোকে অনেক কথাই বলে ফেলে। এটা খেলা। আমার মনে হয়, এই অবস্থা থেকে সামনে এগিয়ে যাওয়াই ভালো হবে। সবাই চেষ্টা করছে। কখনও কখনও আবেগ চলে আসে খেলার মধ্যে।'

তিনি যোগ করেন, 'আমরা সবাই দেখেছি কী ঘটেছে। আপনারাও দেখেছেন। আমি ম্যাচ রেফারির উপর ছেড়ে দেব বাকিটা। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এখন খেলায় মনোযোগ দেওয়ার সময়।'

supersport_drs.jpg
ছবি: টুইটার

২২ রানে জীবন পাওয়া এলগার অবশ্য বেশিদূর এগোতে পারেননি। দিনের শেষ বলে ভারতের পেসার জাসপ্রিত বুমরাহর বলে উইকেটরক্ষক রিশভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি। শুরুতে আম্পায়ার আউট না দিলে রিভিউ নিয়ে তাকে ফেরায় সফরকারীরা।

আগের দিনের ২ উইকেটে ১০১ রান নিয়ে খেলতে নেমে আজ শুক্রবার জয়ের কক্ষপথে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এই প্রতিবেদন লেখার সময়, ৪৭ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৫৫ রান। ক্রিজে আছেন রাসি ভ্যান ডার ডাসেন ১৮ ও টেম্বা বাভুমা শূন্য রানে। হাতে ৭ উইকেট নিয়ে ২১২ রানের লক্ষ্য ছুঁতে তাদের দরকার আর ৫৭ রান।