খরা কেটে গেছে, এবার স্মিথের ব্যাটে দেখা যাবে ‘রান বন্যা’
ম্যাচ সংখ্যার বিচারে হয়ত খুব বড় খরা নয়। ৮ টেস্ট বা ১৬ ইনিংসের খরা আর কি আর এমন বড়? অন্য অনেকের জন্য বড় না হলেও নামটা যে স্টিভ স্মিথ। তিনি নিজেই যে নিজের মানদণ্ড করে নিয়েছেন অনেক উঁচুতে। সময়ের হিসেবে টেস্টে ১৮ মাস পর শ্রীলঙ্কার বিপক্ষে সেই 'খরা' কাটিয়ে সেঞ্চুরি করার পর সতীর্থ মারনাস লাবুশেনে মনে করেন, এবার রান বন্যা বইবে স্মিথের ব্যাটে।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই শুক্রবার সেঞ্চুরি তুলে নেন স্মিথ ও লাবুশানে। তৃতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ১৩৪ রান। লাবুশানে ১০৪ করে আউট হয়ে গেলেও স্মিথ ১০৯ রানে অপরাজিত থেকে শেষ করেন দিন। নিজের সেঞ্চুরি ছাপিয়ে দিনের খেলা শেষে লাবুশানে মাতেন স্মিথকে নিয়ে।
টেস্টে ২৮তম সেঞ্চুরি তোলা স্মিথ সেঞ্চুরিবিহীন সময়েও করেছেন ৬ ফিফটি। তারমধ্যে চারটি ছিল ৭০ রানের বড়। লাবুশানে তাই বলছে আসলে ভাল ব্যাট করছিলেন স্মিথ, দরকার ছিল আরেকটু আত্মবিশ্বাস, 'ও নিজেই নিজের বড় সমালোচক। অস্ট্রেলিয়ার হয়ে গত ৮-৯ বছরে সে একটা মানদণ্ড বানিয়েছে। এমনিতে খুব ভাল ব্যাট করছিল (গত ১৮ মাসে)। ব্যাপারটা ছিল আত্মবিশ্বাসের।'
লম্বা খরা কেটে যাওয়ার পর আগামী এক বছরে স্মিথ রান বন্যা বইয়ে দেবেন বলে ধারনা লাবুশানের, 'আজ সে আত্মবিশ্বাস পেয়ে গেল। আমরা ধারণা বাঁধটা ভেঙে গেছে, এখন জোয়ার বইতে শুরু করবে। পরের বছর এই সময়ে তাকে বড় কিছু করতে দেখা যাবে।'