গ্যালারি থেকে সিরাজের দিকে বল ছুঁড়ে মারা হয়েছে: পান্ত
মাঠের ক্রিকেটে বাজে দিন পার করার পর হেডিংলির গ্যালারির দর্শকদের নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত। পেসার মোহাম্মদ সিরাজের দিকে গ্যালারি থেকে বল ছুঁড়ে মারা হয়েছে বলে দিনের খেলা শেষে জানান রিশভ পান্ত। খেলার সময়েই গ্যালারির দিকে তাকিয়ে এই নিয়ে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ভারত অধিনায়ক বিরাট কোহলিকেও।
বুধবার হেডিংলিতে তৃতীয় টেস্টের প্রথম দিনে আগে ব্যাট করতে গিয়ে মাত্র ৭৮ রানে গুটিয়ে যায় ভারত। জবাবে নেমে বিনা উইকেটে ১২০ রান তুলে দিন শেষ করেছে ইংল্যান্ড।
ব্যাটে-বলে, শরীরী ভাষায় ইংল্যান্ডের কাছা কোণঠাসা হওয়ার দিনে দর্শকদের কাছ থেকে বাজে প্রতিক্রিয়া পাওয়ার অভিযোগ ভারতের। যদিও আনুষ্ঠানিকভাবে তারা কোন অভিযোগ জমা দেয়নি।
দিনের শেষ দিকে গোলাপি রঙের একটি বল মাঠে চলে আসলে তা বের করতে দেখা যায় আম্পায়ারকে। পরে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় কোহলিকে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা কিপার-ব্যাটসম্যান পান্তকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি দেন ঘটনার বর্ণনা, 'সিরাজের দিকে মাঠে একজন বল ছুঁড়ে মেরেছিল। এজন্যই কোহলি উদ্বিগ্ন ছিলেন। গ্যালারি থেকে যা খুশি চিৎকার করে বলতে পারেন। কিন্তু কোন কিছু ছুঁড়ে মারা তো ঠিক নয়। ক্রিকেটের জন্য এসব ভাল না।'
এর আগে অস্ট্রেলিয়াকে গিয়ে দর্শকদের দ্বারা বর্ণবাদী আক্রমণ শিকার হন সিরাজ। পরে ওই দর্শকদের গ্যালারি থেকে বের করে দেওয়া হয়। চলমান সফরে লোকেশ রাহুলের দিকে শ্যাম্পেইন কর্ক ছুঁড়ে মারার ঘটনাও ঘটেছিল। এই নিয়েও কোন অভিযোগ করেনি ভারত।