চড়া মূল্যের সমানই পারফরম্যান্স দিচ্ছেন হাসারাঙ্গা

স্পোর্টস ডেস্ক

আইপিএলের মেগা নিলামে তাকে নিয়ে পড়েছিল কাড়াকাড়ি। অনেকের চোখ কপালে তোলে ১০ কোটি ৭৫ লাখ রুপিতে ভানিন্দু হাসারাঙ্গাকে দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই শ্রীলঙ্কান যে এমন চড়া মূল্যের যোগ্য তা প্রমাণ দিচ্ছেন দারুণ পারফরম্যান্স দিয়ে।

রোববার সানরাইজার্স হায়দরবাদকে ধসিয়ে দিতে ক্যারিয়ার সেরা বল করেন হাসারাঙ্গা। লেগ স্পিনের ভেল্কিতে ৪ ওভারে ১৮ রান দিয়ে তুলেন ৫ উইকেট।

১৯৩ রান তাড়ায় ১ রানে ২ উইকেট হারানোর পর এইডেন মার্কাম ও রাহুল ত্রিপাঠির ব্যাটে প্রতিরোধ গড়ে এগুচ্ছিল সানরাইজার্স।

৫০ রানের জুটির পর তাদের চলার পথে বাধা হন হাসারাঙ্গা।  মার্কামকে ফিরিয়ে দেয়ার খানিক পর বিপদজনক নিকোলাস পুরানকেও ছাঁটেন তিনি। পরে একে একে নিতে থাকেন লেট অর্ডারের উইকেট।

দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ সেরা হওয়া এই লঙ্কান জানান উইকেট নেওয়ার পরিকল্পনা থেকেই আগ্রাসী বল করে সাফল্য এনেছেন তিনি,  'আমি চেষ্টা করেছি উইকেট-টু উইকেট বল করতে। এই কারণে বেশিরভাগ ডিসমিসাল এলবিডব্লিউ। উইকেট নেওয়াই আমার ভূমিকা, কারণ লেগ স্পিনাররা উইকেট টেকার। এটাই আমি চেষ্টা করে গেছি।'

চলতি আইপিএলে ১২ ম্যাচে ২১ উইকেট হয়ে গেছে হাসারাঙ্গা। সর্বোচ্চ উইকেট শিকারে তার লড়াই রাজস্থান রয়্যালসের যুজভেন্দ্র চেহেলের সঙ্গে। ১১ ম্যাচ থেকে ২২ উইকেট নিয়ে একে অবস্থান চেহেলের। হাসারাঙ্গা জানালেন এই লড়াই উপভোগ্য তার, তবে এমনিতে চেহেল তার ভাল বন্ধ, 'সে আমার খুব ভাল বন্ধু। গত বছর সে আমাকে অনেক সাহায্য করেছে।'

এর আগের দুই বছর আইপিএলে সুযোগ পাননি কোন শ্রীলঙ্কান। এবার পাঁচজন খেলছেন নিয়মিত। পারফর্ম করছেন প্রত্যেকেই। চেন্নাই সুপার কিংসের হয়ে মহেশ থিকসেনা। পাঞ্জাব কিংসের হয়ে ভানুকা রাজাপাকসে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টে ভূমিকা রাখছেন দুশমন্ত চামিরা। স্বদেশীদের পারফরম্যান্সেও ভীষণ আলোড়িত তিনি, 'পাঁচজন শ্রীলঙ্কান আইপিএল খেলছে এবং তারা সবাই ভাল করছে। আমি সত্যিই খুব আনন্দিত।'