জিয়া-মৃত্যুঞ্জয়ের তোপে জিতল শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

আকবর আলীর ব্যাটিং ঝড়ে আগের ম্যাচেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে অসাধারণ এক জয় পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। পরের ম্যাচেই তারা পড়ল মৃত্যুঞ্জয় চৌধুরী ও জিয়াউর রহমানের বোলিং তোপে। তাতে লড়াই করার মতো পুঁজিও পায়নি তারা। ফলে তাদের সহজেই হারিয়ে শীর্ষে থাকা প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে স্পর্শ করল শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

রোববার সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৯ উইকেটে জয় পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ১৫৭ রান করেই গুটিয়ে যায় গাজী গ্রুপ। জবাবে ১৪৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় শেখ জামাল।

টস হেরে ব্যাটিংয়ে নেমে দিন শেখ জামালের পেসারদের তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে গাজী গ্রুপ। ফলে বলার মতো কোনো জুটি হয়নি। এমনকি ব্যক্তিগতভাবেও কোনো ব্যাটার বলার মতো কিছুই করতে পারেননি।

দুই ওপেনার মেহেদী মারুফ ও মাহমুদুল হাসানের ৩৪ রানের ওপেনিং জুটিই ম্যাচে সর্বোচ্চ। এ জুটি ভাঙেন সুমন খান। এরপর তোপ দাগান জিয়া। টপ অর্ডার ধসিয়ে দেন তিনি। আর মিডল অর্ডার ব্যাটারদের কোণঠাসা করেন মৃত্যুঞ্জয়। ফলে কোনো মতে দেড়শ পার করতে পারে গাজী গ্রুপ।

দলের পক্ষে সর্বোচ্চ ২৯ রানের ইনিংস খেলেন আল-আমিন জুনিয়র। ২৩ রান করেন ফরহাদ হোসেন। শেখ জামালের পক্ষে ১২ রানের খরচায় ৩টি উইকেট নেন জিয়া। ৩৩ রানের বিনিময়ে ৩টি শিকার মৃত্যুঞ্জয়ের।

লক্ষ্য তাড়ায় দুই ওপেনার সৈকত আলী ও সাইফ হাসানের দৃঢ়তায় জয়ের ভিত পেয়ে যায় শেখ জামাল। ওপেনিং জুটিতে ৯৯ রান করেন এ দুই ব্যাটার। এরপর সাইফ আউট হলে বাকি কাজ অধিনায়ক ইমরুল কায়েসকে নিয়ে শেষ করেন সৈকত। অবিচ্ছিন্ন ৬১ রানের জুটি গড়েন তারা।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন সৈকত। ৭৯ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় এ রান করেন তিনি। ৫৪ বলে ৯টি চারের সাহায্যে ৫২ রান করেন সাইফ। ২৬ বলে ৩টি ছক্কায় ২৬ রান করে অপরাজিত থাকেন ইমরুল।