টি-টোয়েন্টিতে রোহিতের ১০ হাজার রান, ৫০০ বাউন্ডারি
ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন ভারত ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেন হিটম্যান।
আইপিএলের ম্যাচে আগের দিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামার আগে মাইলফলক ছুঁতে রোহিতের প্রয়োজন ছিল ২৫ রান। পুনের এমসিএ স্টেডিয়ামে ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৭ বলে ২৮ রান করে আউট হন রোহিত। তবে কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রোটিয়া পেসার রাবাদাকে ছক্কা হাঁকিয়ে পৌঁছান মুম্বাই ইন্ডিয়ান্স অধিনায়ক।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় হলেও সব মিলিয়ে বিশ্বের সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে সংক্ষিপ্ত এ সংস্করণে ১০ হাজার রানের মালিক হন রোহিত। এ দুই ভারত ক্রিকেটার ছাড়া এই মাইলফলক টপকেছেন ক্রিস গেইল, শোয়েব মালিক, কায়রন পোলার্ড, অ্যারন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নার।
তবে আগের দিন পাঞ্জাবের দেওয়া ১৯৮ রান তাড়া করতে নেমে রোহিতের কাছে থেকে প্রত্যাশিত ইনিংস পায়নি মুম্বাই। সামনে থেকে নেতৃত্ব দিতে না পাড়ায় এখন পর্যন্ত আইপিএলে জয়ের মুখ দেখেনি দলটি। এদিনও ১২ রানে হেরেছে তারা।
এদিন আরও একটি মাইলফলক স্পর্শ করেছেন রোহিত। পঞ্চম ক্রিকেটার হিসেবে আইপিএলের ইতিহাসে ৫০০টি চার মারার রেকর্ড গড়েন রোহিত। দরকার ছিল কেবল ১টি বাউন্ডারি। আইপিএলের ২১৮টি ম্যাচের ২১৩ ইনিংসে হিটম্যানের বাউন্ডারি সংখ্যা বর্তমানে ৫০২টি।
রোহিতের আগে আইপিএলে এই মাইলফলক টপকেছেন শিখর ধাওয়ান (৬৭৩), বিরাট কোহলি (৫৫৪), ডেভিড ওয়ার্নার (৫১৫) ও সুরেশ রায়না (৫০৬)।