টেস্টে আবার দেখা যাবে নিরপেক্ষ আম্পায়ার
সেই ২০০২ সাল থেকেই টেস্টে ম্যাচ রেফারি, দুই অন-ফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ভ্রমণ জটিলতায় এই নিয়ম শিথিল করেছিল আইসিসি। মহামারির সময় পেরিয়ে বেশিরভাগ দেশ স্বাভাবিক হওয়ায় আবার নিরপেক্ষ আম্পায়ারের নিয়মে ফিরে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তবে সংখ্যাটা থাকছে না আগের মতো।
দুবাইয়ে দুই দিন ব্যাপী আইসিসি সভায় আসে এই সিদ্ধান্ত। এখন থেকে টেস্টে ম্যাচ রেফারি, একজন অন-ফিল্ড আম্পায়ার ও তৃতীয় আম্পায়ার থাকবেন নিরপেক্ষ। আরেক জন অন-ফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার থাকবেন স্থানীয়।
অর্থাৎ আগের মতো নিরপেক্ষ আম্পায়ারের সংখ্যা রাখেনি আইসিসি। ম্যাচ পরিচালনায় একজন স্থানীয় আম্পায়ারকে অন-ফিল্ডে রাখা হয়েছে।
স্থানীয় আম্পায়ারদের ম্যাচ পরিচালনায় সাম্প্রতিক সময়ে কিছু বিতর্ক তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে বাংলাদেশের প্রথম টেস্টের সময় টুইট করে নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর দাবি তুলেন সাকিব আল হাসান।
তবে আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে বলছে, নিরপেক্ষ আম্পায়ারদের পারফরম্যান্স ছিল ভাল। স্থানীয় আম্পায়ার কাজে লাগানোর ফলে আইসিসির আন্তর্জাতিক ম্যানে ১২ জন আম্পায়ারের টেস্ট অভিষেক হয়েছে।
কোভিড মহামারির সময়ে ২০২০ সালে খেলা ফেরানোর পর স্বাস্থ্যবিধির কথা মাথায় রেখে বেশ কিছু নিয়ম করে আইসিস। তার মধ্যে একটি ছিল স্থানীয় আম্পায়ারদের ম্যাচ পরিচালনায় রাখা।
মহামারির আগে ওয়ানডেতে ম্যাচ রেফারি, একজন অন-ফিল্ড আম্পায়ার, তৃতীয় আম্পায়ার থাকেন নিরপেক্ষ; আরেক জন অন-ফিল্ড আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার স্থানীয়। আর টি-টোয়েন্টিতে শুধু ম্যাচ রেফারি হয় নিরপেক্ষ। কিন্তু টেস্টে নিরপেক্ষা আম্পায়ার ফিরলেও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্থানীয় অফিসিয়ালদের উপরই আস্থা রাখছে আইসিসি।