ওয়েস্ট ইন্ডিজের সফরের দল

টেস্ট দলে মোস্তাফিজ, সাদা বলে ফিরলেন বিজয়-সাইফুদ্দিন

ক্রীড়া প্রতিবেদক

দুদিন ধরেই আলোচনায় ছিলেন মোস্তাফিজুর রহমান। একাধিক পেসার চোটে থাকায় লাল বলের চুক্তিতে না থাকা এই পেসারকে টেস্ট ফেরানোর চেষ্টা করছিল টিম ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত তাদের চাওয়াই পূরণ হয়েছে। ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে ফিরেছেন মোস্তাফিজ। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন নাঈম শেখ। 

অনুমিতভাবে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে দীর্ঘদিন পর ফিরেছেন ওপেনার এনামুল হক বিজয়। চোট কাটিয়ে ছন্দে ফেরা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনও ফিরেছেন সাদা বলের দুই সংস্করণের দলে।

রোববার ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য তিন সংস্করণের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। টেস্টে আছেন ১৬ জন, ওয়ানডেতে ১৭ ও টি-টোয়েন্টিতে রাখা হয়েছে ১৫ জনকে।

মোস্তাফিজ সর্বশেষ টেস্ট খেলেছিলেন ২০২১ সালের ফেব্রুয়ারিতে। এরপর লাল বলে তাকে বিবেচনা করা হচ্ছিল না, তিনিও এই সংস্করণ থেকে নিজেকে রাখেন গুটিয়ে।  মোস্তাফিজের ফেরা ছাড়া টেস্ট দলে নেই কোন চমক। তবে ঘরের বাইরে খেলা হলেও স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি পেসার আবু জায়েদ রাহিকে। শ্রীলঙ্কার বিপক্ষে বাদ পড়ার পর দল নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে ডিউক বলে খেলা হলেও স্যুইংয়ে পারদর্শী রাহি থাকলেন উপেক্ষিত।

চোটে পড়ায় আগেই জানা গিয়েছিল তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম টেস্ট খেলতে পারবেন না। তারা নেই অনুমিতভাবে। আঙুলের চোট কাটিয়ে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। মোসাদ্দেক হোসেন সৈকতও টিকে গেছেন।

ওয়ানডে দলে বড় চমক বিজয়ের ফেরা। ২০১৯ সালে বাংলাদেশের হয়ে সর্বশেষ কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। সব শেষ ঢাকা প্রিমিয়ার লিগে রেকর্ড সংখ্যক রান করে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ঠাঁই করে নিয়েছেন তিনি। তার দলে ফেরার কথা চট্টগ্রাম টেস্ট চলাকালীনই অবশ্য নিশ্চিত করেছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চোটে দলের বাইরে চলে যান মোহাম্মদ সাইফুদ্দিন। লম্বা সময়ের বিরতি কাটিয়ে এই পেসার ফিরেছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে। ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডে সিরিজ থেকে সাকিবের ছুটি নেওয়ার গুঞ্জন থাকলেও তাকে রাখা হয়েছে দলে।

অভিষেকে রান না পেলেও টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন আগ্রাসী ওপেনার মুনিম শাহরিয়ার। হজের কারণে ছুটিয়ে নেওয়ায় কোন সংস্করণের দলে নেই মুশফিকুর রহিম।

টি-টোয়েন্টিতে মন্থর ব্যাট করে রান করে অনেক প্রশ্নের জন্ম দেওয়া নাঈম শেখ অবশেষে বাদ পড়েছেন। এই ফরম্যাটে ওপেনার হিসেবে লিটন দাসের সঙ্গে আছেন এখন বিজয় ও মুনিম। 

১৬ জুন অ্যান্টিগায় প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সেন্ট লুসিয়ায় ২৪ জুন হবে দ্বিতীয় টেস্ট। ডমিনিকায় ২ জুলাই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। একই ভেন্যুতে ৩ জুলাই দ্বিতীয় ম্যাচ। ৬ জুলাই গায়ানায় শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। ১০ জুলাই গায়ানাতে শুরু হবে ওয়ানডে সিরিজ, ১৩ ও ১৬ জুলাই একই ভেন্যুতে আছে বাকি দুই ম্যাচ। 

ওয়েস্ট ইন্ডিজ সফরের বাংলাদেশ দল

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান সোহান।

ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, ইয়াসির আলি রাব্বি, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, সাইফুদ্দিন, এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি দল

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, ইয়াসির আলি রাব্বি, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাইফুদ্দিন।