টেস্ট সিরিজেও ভরসা তাসকিনরা

ক্রীড়া প্রতিবেদক

দক্ষিণ আফ্রিকায় এবার নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো সিরিজ জয়। আর তার মূল কারিগর ছিলেন তাসকিন আহমেদ। দারুণ অবদান ছিল শরিফুল ইসলামেরও। ওয়ানডের এ ঐতিহাসিক জয়ের পর এবার তাদের চোখ লাল বলের ম্যাচে। এখানেও সেই পেসারদের উপরই প্রত্যাশার পাল্লাটা ভারী বাংলাদেশ দলের টেস্ট সংস্করণের অধিনায়ক মুমিনুল হকের।

দেশের বাইরে বিশেষ করে উপমহাদেশের বাইরে পেসারদেরই নিতে হয় বাড়তি দায়িত্ব। পেসাররা জ্বলে উঠলেও জয় মিলে টাইগারদের। নিউজিল্যান্ডের পর দক্ষিণ আফ্রিকাতেও এ উদাহরণ দেখেছে বাংলাদেশ। সে ধারায় প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে ভালো করতেও ভরসা পেসাররাই।

আরও একটি নতুন ইতিহাস গড়ার লক্ষ্যে সংবাদ সম্মেলনে মুমিনুল স্পষ্ট করেই বললেন পেসারদের কথা, 'বিদেশে টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের পারফর্ম করা গুরুত্বপূর্ণ। ওরা যদি ভালো জায়গায় বল করতে পারে, দ্রুত ব্রেক থ্রু এনে দিতে পারে সেটা খুবই কাজে দেয়।'

লাল বলে অবশ্য মুমিনুলের অন্যতম প্রধান অস্ত্র ইবাদত হোসেন। মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ঐতিহাসিক জয়ের নায়ক ছিলেন তিনি। তার সঙ্গে দারুণ ছন্দে থাকা তাসকিনও পারেন তুরুপের তাস হয়ে উঠতে। সে সিরিজে দারুণ ধারাবাহিক বোলিং করা শরিফুলও প্রস্তুত নতুন চ্যালেঞ্জ নিতে।

ওয়ানডে সিরিজ শেষে টেস্টের আগে বিশ্রাম নিয়েও তারাও ফুরফুরে মেজাজে আছেন বলেই জানান অধিনায়ক, 'আমার পেসারদের কয়েকজন তো ওয়ানডে সিরিজে খেলেছে, শেষ কিছুদিন ওরা ভালো বিশ্রাম নিয়েছে। তো আমার কাছে মনে হয় ওরা বেশ ফুরফুরে মেজাজে আছে। শারীরিক ও মানসিক সব দিক থেকে।'

আগামীকাল ডারবানে প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা। এখানকার উইকেট স্বাভাবিকভাবে পেসারদের সহায়তা করে থাকে। তবে প্রক্রিয়া মেনে সঠিক জায়গায় বল করাই মূল ব্যাপার বলে মনে করেন মুমিনুল, 'ডারবানে না দক্ষিণ আফ্রিকার উইকেট সবসময়ই পেসবান্ধব। পেসাররাই বেশি সুবিধা পাবে। তবে যেমন উইকেটই বলি, একটা প্রসেসে বল করা, সঠিক জায়গায় বল করে ব্যাটসম্যানের ওপর চাপ তৈরি করা সেটা বেশি গুরুত্বপূর্ণ।'

তবে ডারবানের এ উইকেটে পেসারদের তোপে রান করাই কষ্টসাধ্য হয়ে যাবে বলে মনে করেন না মুমিনুল। তুলনামূলকভাবে পেসাররা কিছুটা সুবিধা পাবেন বলে ধারণা অধিনায়কের, 'পেস বান্ধব উইকেট মানে এই না যে রান হবে না। পেস উইকেট মানে এই না যে গেলাম আর আউট হয়ে গেলাম। নিউজিল্যান্ড সিরিজে যদি দেখেন ওই খানেও রান হয়েছে, কিন্তু পেস বোলাররা সুবিধা বেশি পায় বা উইকেট বেশি পাবে। তো আমার ধারনা যে পেস বোলাররা উইকেট বেশি পাবে।'