তামিমের ১০ রানের আক্ষেপের দিনে বাড়ল শেখ জামালের অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক

এদিনই হয়ে যেতে পারত লিগ শিরোপার ফয়সালা। মিরপুরে আবাহনী লিমিটেডের কাছে হারল মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসানদের লিজেন্ডস অব রূপগঞ্জ। বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারালেই শিরোপা জেতার আনন্দে মাততে পারত শেখ জামাল ধানমন্ডি। কিন্তু তামিম ইকবালের অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করার দিনে হতাশ হলো নুরুল হাসান সোহানের দল।

বিকেএসপিতে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে প্রাইম ব্যাংক। আগে ব্যাট করে ৮৫ রানে ৫ উইকেট হারানোর অবস্থা থেকে ২৩২ রান করে শেখ জামাল। তামিম ও এনামুল হক বিজয়ের ব্যাটে ৫৮ বল আগে ওই রান পেরিয়ে জিতে যায় প্রাইম ব্যাংক। ৮৫ বলে ৯০ রান করে ম্যাচ সেরা হয়েছেন তামিম। 

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আরেক ম্যাচে ৮১ রানে আবাহনীর কাছে হেরে যায় লিজেন্ডস। এতে করে লিগের সমীকরণ থাকল আগের মতই। ৪ পয়েন্টে এগিয়ে থাকায় লিগ শিরোপা জেতার দৌড়ে শেখ জামালই এগিয়ে।

এদিন টস হেরে ব্যাট করতে নেমে সকালের আর্দ্রতায় বিপদে পড়ে শেখ জামাল। ৮৫ রানেই পড়ে যায় ৫ উইকেট। অভিজ্ঞ মুশফিকুর রহিম করেন ২৯ বলে ১৪।

এরপর ভারতীয় পারভেজ রসুলকে নিয়ে ৬১ রানের জুটি গড়েন সোহান। এই কিপার ব্যাটসম্যানই দলকে রাখেন খেলায়। ৩৭ করে রসুল ফেরার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে ছুটে যান তিনি। শেষ পর্যন্ত ১০৫ বলে ৭১ করে থামেন সোহান। মিরাজ গুরুত্বপূর্ণ সময়ে নেমে করেন ৩২ বলে ৩৭ রান। তাতে লড়াইয়ের পুঁজি পেয়েছিল প্রথমবার শিরোপার স্বপ্নে হাঁটতে থাকা শেখ জামাল।

রান তাড়ায় ম্যাচ একদম সহজ করে দেন তামিম-বিজয়। ছন্দে থাকা বিজয় এদিন লিগে তুলে নেন তার ৮ম ফিফটি। তামিম ছিলেন আগ্রাসী মেজাজে। ওপেনিং জুটিতেই আসে ১২১ রান। ৫২ করে বিজয় ফিরে গেলেও সেঞ্চুরির দিকে যাচ্ছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। ১০ চার, ৪ ছক্কায় ৯০ রান করে তিনি স্টাম্পিং হন রসুলের অফ স্পিনে। শাহাদাত হোসেন দিপু (৫২) ও মোহাম্মদ মিঠুন ৩১ রান করে দলকে ভেড়ান তরীতে।

মিরপুরে মাশরাফিদের বিপক্ষে আগে ব্যাটিং বেছে ২৭৯ রান জড়ো করে আবাহনী। নাজমুল হোসেন শান্ত করেন ৮৫ রান, আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ৬২। রান তাড়ায় লড়াই জমাতে পারেনি রূপগঞ্জ। দুশোর আগেই গুটিয়ে যায় তারা।

দিনের আরেক ম্যাচে ফজলে মাহমুদ রাব্বির সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮৪ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। টাইগার্সের ৩১৪ রানের জবাবে গাজী থামে ২৩০ রানে।