তালেবানের আফগানিস্তান দখল: নিউজিল্যান্ডের পাকিস্তান সফর অনিশ্চিত

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ দেড় যুগ পর নিউজিল্যান্ড ক্রিকেট দলের পাকিস্তান সফর ঠিক হয়েছিল। কিন্তু সব চূড়ান্ত হওয়ার পরও কিউইদের সফর নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। পাকিস্তানের পাশের দেশ আফগানিস্তানে তালেবান গোষ্ঠীর ক্ষমতা দখলে নিউজিল্যান্ডের ক্রিকেটাররা নিরাপত্তার চিন্তায় পড়েছেন।

পাকিস্তানের ক্রিকেট পোর্টার ক্রিকেট পোর্টাল এমনই খবর দিয়েছে। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে পালাবদলের ঘটনায় নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে পাকিস্তানও।

তালেবাদনের মতাদর্শী গ্রুপ সক্রিয় আছে পাকিস্তানেও। এমন পরিস্থিতিতে সফরটি অনিশ্চিত বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেট প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রধান হিথ মিলসও।

স্থানীয় গণমাধ্যমে মিলস জানান স্কোয়াডে থাকা ক্রিকেটাররা এই মুহূর্তে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কিত,   'সবকিছু যেভাবে এগুচ্ছিল আমরা নিশ্চিন্ত ছিলাম। তবে আফগানিস্তানে গেল কয়েকদিনে যা হয়েছে তা খুবই দুঃখজনক। এখন তো লোকে পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।'

'যাদের মনে ভাবনা তৈরি হয়েছে তাদের মধ্যে খেলোয়াড়রাও আছে। বিষয়টা বুঝতে হবে। একটি সিদ্ধান্ত পৌঁছার আগে আশ্বস্ত হতে হবে।'

পাকিস্তানের পরিস্থিতি খতিয়ে দেখতে ক্রিকেট নিউজিল্যান্ডের পক্ষ থেকে নিরাপত্তা পরামর্শক রেগ ডিকাসন পাকিস্তান সফর করবেন। মিলস জানান তার রিপোর্টের উপর ভিত্তি করেই নেওয়া হবে সিদ্ধান্ত, 'ডিকাসন সেখানে গিয়ে সব বুঝতে চার-পাঁচদিন সময় নেবেন। এই সফর করা সম্ভব কিনা এই বিষয়ে প্রতিবেদন জমা দেবেন।'

পাকিস্তান সফরে ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে তিন ওয়ানডে এবং পাঁচ টি-টোয়েন্টি খেলার কথা নিউজিল্যান্ডের।

১৭, ১৯ ও ২১ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ হওয়ার কথা রাওয়ালপিন্ডিতে। ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত টি-টোয়েন্টি সিরিজের ভেন্যু লাহোর।