তিন সংস্করণেই র্যাঙ্কিংয়ের সেরা দশে শাহিন আফ্রিদি
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে ২১ রানের খরচায় পেয়েছিলেন ২টি উইকেট। তাতেই আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বড়সড় লাফ দিয়েছেন পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি। সদ্য প্রকাশিত টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় ১০ নম্বরে আছেন তিনি। ফলে প্রথম বারের মতো তিন সংস্করণের র্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকলেন এ পাক পেসার।
টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এর আগে ১৪তম স্থানে ছিলেন শাহিন। চার ধাপ উঠে আসেন তিনি। আইসিসি টেস্ট বোলারদের তালিকায় তার অবস্থান চার নম্বরে। ওয়ানডে বোলারদের তালিকায় সাত নম্বরে রয়েছেন তিনি। সুতরাং, তিন সংস্করণে বিশ্বর্যাঙ্কিংয়ের প্রথম দশে জায়গা করে নিলেন শাহিন।
তবে আগের মতোই টি-টোয়েন্টি বোলারদের শীর্ষে আছেন দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। ব্যাটসম্যানদের তালিকায় যথারীতি সবার ওপরে পাকিস্তান অধিনায়ক বাবর। দুই থেকে তিনে নেমে গেছেন তার সতীর্থ মোহাম্মদ রিজওয়ান। দ্বিতীয় স্থানে উঠেছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
অলরাউন্ডারদের তালিকায়ও যথারীতি শীর্ষে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি। বাংলাদেশের সাকিব আল হাসানের অবস্থান দুইয়ে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ শেষে এ সংস্করণের র্যাঙ্কিংয়ে রথ-বদল হয়েছে অনেক বাংলাদেশি ক্রিকেটারদের। যদিও স্পিনার তাইজুল ইসলাম ছাড়া র্যাঙ্কিংয়ে আরও কারো খবর ভালো নয়। দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল থাকায় আইসিসি টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়েছেন তিনি। ৬৩৬ রেটিং পয়েন্ট নিয়ে তিনি এখন আছেন ২২তম স্থানে।
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ১৩৫ রানের খরচায় ৬ উইকেট নেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে পান ৩টি উইকেট। উন্নতি হয়েছে সৈয়দ খালেদ আহমেদেরও। দুই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২২ ধাপ এগিয়ে ঢুকেছেন সেরা একশতে। ৯৮তম স্থানে আছেন জিম্বাবুয়ের রায়ান বার্লের সঙ্গে যৌথভাবে।
তবে অবনতি হয়েছে মেহেদী হাসান মিরাজের। তিন ধাপ পিছিয়ে আছেন ৩৪ নম্বরে। ৬ ধাপ পিছিয়ে ৮৫তম স্থানে আছেন ইবাদত হোসেন। র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স।
ব্যাটারদের মধ্যে র্যাঙ্কিংয়ে পিছিয়েছেন লিটন কুমার দাস। তিন ধাপ নিচে নেমে এখন আছেন ২০তম স্থানে। এক ধাপ পিছিয়ে মুশফিকুর রহিম ২৯ নম্বরে ও তামিম ইকবাল দুই ধাপ নেমে আছেন ৩৫ নম্বরে। সবচেয়ে বড় অবনতিটা হয়েছে অধিনায়ক মুমিনুল হকের। ছয় ধাপ পিছিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গে যৌথভাবে অবস্থান করছেন ৫০তম স্থানে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশেন।