দরকার হলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলবে মোস্তাফিজ: বিসিবি প্রধান
টেস্ট খেলতে চান না, তাই লাল বলের চুক্তিতে অনেকদিন ধরেই নেই মোস্তাফিজুর রহমান। তবে দলের প্রয়োজন হলে এই পেসারকে টেস্ট খেলতে হবে বলে জানালেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন। এমনকি প্রয়োজনে আইপিএল বাদ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দেখা যেতে পারে তাকে।
ক্রিকেটাররা কে কোন সংস্করণে খেলতে চান তা বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল বিসিবি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ঠিক মার্ক দিলেও টেস্ট খেলার ব্যাপারে অনাগ্রহ দেখান মোস্তাফিজ। সেভাবেই তাকে রাখা হয়নি লাল বলের চুক্তিতে।
তবে সম্প্রতি টেস্ট দলের একাধিক পেসার চোটে থাকায় মোস্তাফিজকে টেস্ট খেলানোর কথা আবার আনা হয়েছে আলোচনায়।
শনিবার পাঁচ তারকা হোটেল সোনারগাঁয়ে বিসিবির আয়োজিত ইফতার মাহফিল শেষে বোর্ড প্রধান গণমাধ্যমকে জানান, দলের প্রয়োজনের খেলোয়াড়ের ইচ্ছার বিপক্ষে যাবেন তারা, 'আমরা একটা ফরম দিয়েছিলাম কারা কোন ফরম্যাটে খেলতে চায়। সেখানে অনেকে তিন ফরম্যাট খেলবে বলেছে। মোস্তাফিজ কিন্তু টেস্টে নাম লেখায়নি। সে কিন্তু বলেনি টেস্ট খেলতে চায়। তবে ও বলল কি বলল না সেটা ব্যাপার না। আমাদের যখন দরকার সে অবশ্যই টেস্ট খেলবে। শ্রীলঙ্কা সিরিজে যদি দরকার হয় অবশ্যই সে খেলবে।'
দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন মোস্তাফিজ। পুরো টুর্নামেন্টে খেলার অনাপত্তিপত্র নিয়ে যাওয়ায় তার ফেরার কথা না। আইপিএলের এবারের আসর শেষ হবে ২৯ মে। তার আগেই শ্রীলঙ্কা বাংলাদেশে দুই টেস্ট খেলে ফেরত যাবে।
কাঁধের চোটে আছেন তাসকিন আহমেদ, শারীরিক একটি সমস্যায় অস্ত্রোপচার লাগবে শরিফুল ইসলামের। সম্প্রতি ঢাকা প্রিমিয়ার লিগে চোট পেয়েছেন ইবাদত হোসেনও। এই পরিস্থিতি টেনেই তাদের ইচ্ছা হলে মোস্তাফিজকে টেস্টে ফেরানোর কড়া বার্তা দেন নাজমুল, 'আপনি স্বাভাবিকভাবে যদি দেখেন তাসকিন, শরিফুল, এবাদত এই তিনজন তো টেস্টর জন্য মোটামুটি আছে। এখন ধরুন এরা যদি থাকে সেখানে যদি আমি মোস্তাফিজকেও রাখি তখন কোচিং স্টাফ বা টিম ম্যানেজমেন্ট খেলাবে কিনা জানি না। কিন্তু যখন দরকার হবে অবশ্যই ও খেলবে। ও খেলবে না কেন? যদি দরকার হয় অবশ্যই খেলবে। এটা নিয়ে কোনো ইস্যু না।'
বিসিবি সভাপতি অবশ্য এর আগে একাধিক সাক্ষাতকারে বলেছিলেন, কোন ক্রিকেটার না চাইলে তাকে জোর করে কোন সংস্করণে তারা খেলাবেন না। সেজন্যই আগে থেকে সংস্করণ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তবে এবার তার আগের সেই কথারই সাংঘর্ষিক অবস্থানে গেলেন তিনি।