দলের আগেই বাংলাদেশে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

নিউজিল্যান্ড দল বাংলাদেশ সফরে আসার চারদিন আগেই তাদের দুজন ক্রিকেটার পা রেখেছেন ঢাকায়। তারা হলেন অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও ওপেনার ফিন অ্যালেন।

শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান দুই কিউই ক্রিকেটার। ইতোমধ্যে তারা হোটেলে কোয়ারেন্টিনে আছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ডি গ্র্যান্ডহোম ও অ্যালেনের আগেভাগে আসার কথা আগেই জানিয়েছিল। ইংল্যান্ডে 'দ্য হান্ড্রেড' খেলে সরাসরি তারা চলে এসেছেন ঢাকায়।

১০০ বলের আসরে বার্মিংহাম ফিনিক্সের হয়ে খেলেন অ্যালেন। ডি গ্র্যান্ডহোম প্রতিনিধিত্ব করেন সাউদার্ন ব্রেভের। অ্যালেনের দল ফিনিক্স ইতোমধ্যে ফাইনালে উঠে গেছে। সেখানে তারা মুখোমুখি হবে ডি গ্র্যান্ডহোমের দল ব্রেভ কিংবা ট্রেন্ট রকেটসের।

আগামী ২৪ অগাস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড দলের বাকি ক্রিকেটাররা। অনুশীলন শুরুর আগে তিনদিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের।

সফরে বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল্যান্ড। আগামী ১ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ সেপ্টেম্বর শেষ হবে সিরিজটি।

বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কাগেলেইন, কোল ম্যাককনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।