দলের খেলোয়াড়দের ফিটনেস নিয়ে ক্ষুব্ধ সালাউদ্দিন
এবার ঢাকা প্রিমিয়ার লিগে শুরুতে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। লিগ যত এগিয়েছে ততই ম্লান হয়েছে তাদের পারফরম্যান্স। সুপার লিগে উঠলেও শিরোপা জেতার সম্ভাবনা থেকে বেশ পিছিয়ে পড়েছে তারা। এজন্য দলের খেলোয়াড়দের বাজে ফিটনেসকে দায়ী করেছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
১০ ম্যাচে ৬ ছয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছেন প্রাইম ব্যাংক। সুপার লিগে সব ম্যাচ জিতলেও অনেকগুলো হিসাব নিকাশে নির্ভর করবে তাদের শিরোপা জেতা।
সুপার লিগ শুরুর আগের দিন মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বেশ রাগান্বিত অবস্থায় পাওয়া গেল সালাউদ্দিনকে। রীতিমতো দলের খেলোয়াড়দের উপর নানা কারণে তিনি বিরক্ত, গণমাধ্যমেও আড়াল করলেন না সেই বিরক্তি, 'আমার মনে হয় , আমার দলের বেশির ভাগ খেলোয়াড় আনফিট। এনার্জি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। মৌসুম শুরুর আগে খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কাজ করতে হবে। মৌসুম শুরুর পর ফিটনেস নিয়ে কাজ করা কঠিন। কারণ পুরো টুর্নামেন্টে আমরা সবচেয়ে বাজে ফিল্ডিং সাইড ছিলাম আমরা। ওইটা মেক আপ করা কঠিন হবে। আশা করছি তারা যেন আগামীবার খেলার আগে ফিটনেসটা ঠিক করে আসে। তাহলে নিজের জন্য ভালো হবে। দলের জন্য ভালো হবে।'
প্রাইম ব্যাংক কিছু ম্যাচ হেরে খুব ভাল অবস্থানে থেকেও। আচমকা ব্যাটিং ধস ছিল তাদের চিরায়ত চিত্র। এর কারণও সালাউদ্দিনের মতে ফিটনেস ঘাটতি, 'আপনি যত ম্যাচের শেষ দিকে গিয়ে ভুল করবেন তত আপনি ম্যাচের জন্য আনফিট। সাধারণত এটা আমাদের দেশের খেলোয়াড়দের ক্ষেত্রে বেশি হয়। আমি বলবো যে, ফিটনেস ভালো হলে আপনি কখনো ভুল সিদ্ধান্ত নেবেন না। এটা পুরোটা নির্ভর করে ফিটনেসের উপর। সেটা আপনি মানসিক ফিটনেস বলেন আর শারীরিক ফিটনেস বলেন না কেন। দুইটার সঙ্গে রিলেটেড। যারা ভুল করে শেষ দিকে তারা এই কারণেই করে। '
আগামী মৌসুমে এরকম দুর্বল ফিটনেস নিয়ে তার দলে খেলা যাবে না বলেও খেলোয়াড়দের কড়া বার্তা দিয়েছেন সালাউদ্দিন, 'আমি আমার দলকে বার্তা দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয় তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই। '
সুপার লিগ থেকে প্রাইম ব্যাংকে খেলার কথা ছিল তামিম ইকবালের। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে এই ক্রিকেটার চলে গেছেন ইংল্যান্ডে। সুপার লিগের কোন ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা নিশ্চিত নন সালাউদ্দিন।
দেশের অন্যতম সফল এই কোচ মনে করেন দলের ভালো করার ক্ষেত্র দরকার তাড়না, 'আমার মনে হয় দলের টিম ফিলিংসটা খুব জরুরী। আপনি যত ভালো দল করেন না কেন দলের ভেতর থেকে যদি টিম ফিলিংস না আসে তাহলে টিম রেজাল্ট করা টাফ। আপনার তো টিমের প্রতি দরদ থাকতে হবে। তারপর আপনার টিম রেজাল্ট করবে কি করবে না সেটা বোঝা যাবে। অন্তত আপনি যদি দরদ দিয়ে খেলেন তারপরও যদি দল হেরে যায় তাহলে আপনার মানসিক স্বস্তি থাকবে। সেই স্বস্তি আমি পাইনি।'
সোমবার সুপার লিগের প্রথম ম্যাচে মিরপুরে আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়বে প্রাইম ব্যাংক।