দুই-একজন ছাড়া বাংলাদেশের কেউ স্পিন ভালো খেলে না: মুমিনুল
ঘরোয়া ক্রিকেটে স্পিনারদের ছড়াছড়ি। আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশ যখন খেলতে নামে, তখন স্পিনারদের বোলিং আক্রমণের মূল চালিকাশক্তি বিবেচনা করা হয়। কিন্তু প্রতিপক্ষ দলে উঁচু মানের স্পিনার থাকলে লেজেগোবরে অবস্থা হয়ে যায় টাইগার ব্যাটারদের। সেটা দেশের মাটিতে হোক কিংবা দেশের বাইরে। যার প্রমাণ আরও একবার বাজেভাবে মিলল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে।
তাহলে প্রশ্ন ওঠা স্বাভাবিক, দেশে এত স্পিনার থাকা সত্ত্বেও কেন বারবার খাবি খায় বাংলাদেশ? সোমবার পোর্ট এলিজাবেথ টেস্টে ৩৩২ রানে বিধ্বস্ত হওয়ার পর অধিনায়ক মুমিনুল হক দিলেন সরল স্বীকারোক্তি। তার উত্তর অবশ্য বিস্ময় জাগানোর মতো। মুমিনুল বললেন, দুই-একজন ছাড়া বাংলাদেশের বাকিরা স্পিন ভালো খেলে না। এই বাঁহাতি ব্যাটার যোগ করলেন, ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ের স্পিনারদের মধ্যে পার্থক্যও অনেক।
মুমিনুলের মতে, উঁচু মানের স্পিনের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের দুর্বলতা আগে থেকেই রয়েছে। কোন বল কীভাবে খেলতে হবে সেটা অধিকাংশের অজানা, 'এটা তো আগে থেকেই, সবাই জানে। উঁচু মানের স্পিনের বিপক্ষে আমরা খুব বেশি ভালো খেলোয়াড় না, আমার কাছে মনে হয়। শুনতে খারাপ লাগবে। আমরা দুই-একজন ছাড়া কেউ ভালো স্পিন খেলে না। হয়তো কোনদিক দিয়ে কীভাবে খেলতে হবে সেটা আমরা বুঝি না। এসব জায়গায় আমাদের অনেক উন্নতি করতে হবে।'
প্রোটিয়াদের মাটিতে দুই টেস্টের সিরিজে মোট ৪০ উইকেটের মধ্যে স্পিনারদের কাছে ২৯ উইকেট হারিয়েছে বাংলাদেশ। ডারবানে প্রথম টেস্টে ১৪টি, পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টে ১৫টি। বাঁহাতি স্পিনার কেশব মহারাজ নেন ১৬ উইকেট। টানা দুই ম্যাচে ইনিংসে ৭ উইকেট শিকারের কৃতিত্ব দেখান তিনি। সাত বছর পর এই সংস্করণে খেলতে নামা অফ স্পিনার সাইমন হার্মার দখল করেন ১৩ উইকেট। অতীতে ঘরের মাঠে টেস্টে আফগানিস্তান, শ্রীলঙ্কা ও পাকিস্তানের স্পিনারদের বিপক্ষেও হুড়মুড় করে গুঁড়িয়ে যাওয়ার রেকর্ড আছে বাংলাদেশের।
বাংলাদেশের স্পিনারদের উপমহাদেশের বাইরে সফল হতে না পারার পেছনে উইকেটের দায় দিলেন মুমিনুল। পাশাপাশি টেকনিক্যাল ঘাটতির কথাও উল্লেখ করলেন তিনি, 'আমাদের দেশে দেশে যে উইকেট আর এখানকার যে উইকেট, তা কিন্তু আলাদা। বিশেষ করে, উপমহাদেশের বাইরে (উইকেট আলাদা)। সাইড স্পিন বলে একটা কথা আছে, যেটা আমাদের দেশে খুব কাজে দেয়। তো এই সাইড স্পিনটা আমাদের উপমহাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এসব জায়গায় সাইড স্পিন অতটা কাজে দেয় না, ওভারস্পিন খুব কাজে দেয়। আমাদের দেশের খেলোয়াড়রা এখানে এসে ওভারস্পিন করবে, সেটা এক-দুই দিনে (সম্ভব না)। টেকনিকও চেঞ্জ করতে হয়। সেক্ষেত্রে তার আগের টেকনিক ক্ষতিগ্রস্ত হবে। আর সত্যি বলতে, ঘরোয়া ক্রিকেটের স্পিনার ও আন্তর্জাতিক ক্রিকেটের স্পিনারের মধ্যে অনেক পার্থক্য।'