দ্রুত রান বাড়ানোর তরিকায় ছুটছে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

প্রতিপক্ষকে ফলোঅন করিয়ে চেপে ধরা যেত, সুযোগ পেয়েও সেই পথে হাঁটেনি দক্ষিণ আফ্রিকা। বোলারদের বিশ্রাম দিয়ে দ্রুত রান বাড়িয়ে বাংলাদেশের উপর বিশাল রানের বোঝা চাপাতে যাচ্ছে তারা।

পোর্ট এলিজাবেথে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে ১৯ ওভার ব্যাট করছে স্বাগতিকরা। এতেই ওয়ানডে গতিতে এসে গেছে ৮৪ রান, তা করতে গিয়ে হারিয়েছে ২ উইকেট।  হাতে ৮ উইকেট আর অঢেল সময় নিয়ে এরমধ্যে ৩২০ রানের লিড হয়ে গেছে প্রোটিয়াদের।

সেশনের শুরুতে বাংলাদেশ ২১৭ রানে গুটিয়ে যাওয়ার পর ব্যাট করতে নেমেই আগ্রাসী হন প্রোটিয়া দুই ওপেনার সেরেল এরউইয়া আর ডিন এলগার। এরউইয়া অবশ্য ফিরতে পারতেন ইনিংসের দ্বিতীয় বলেই। ইবাদত হোসেনের বলে পয়েন্টে বল দেখতে না পেয়ে তার ক্যাচ ছেড়ে উল্টো আহত হন মেহেদী হাসান মিরাজ। স্ট্রেচারে করেও মাঠ থেকে বের করতে হয়েছিল তাকে। পরে ফিরে এসে বল করেও সুবিধা করতে পারেননি।

উদ্বোধনী জুটিতে ৬০ রান আসার পর দ্বাদশ ওভারে সাফল্য পায় বাংলাদেশ। তাইজুল ইসলামের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে কাটা পড়েন ২৯ বলে ২৬ করা এলগার।

কিগান পিটারসেন ক্রিজে এসে কিছুটা ছিলেন রয়েসয়ে। এরউইয়া বাড়াচ্ছিলেন রান। এই জুটি মনে হচ্ছিল সেশন পার করে দেবে। সেশনের একদম শেষ দিকে তাইজুলের আরেক আঘাতে এলবিডব্লিউতে বিদায় হয় ১৪ করা পিটারসেনের।

০ রানে জীবন পেয়ে ৪০ রানে অপরাজিত থেকে বাংলাদেশকে ক্রমশ কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছেন এরউইয়া।