নিজের সামর্থ্যে ভরসা রেখে নতুন ভূমিকাতেও বিস্ফোরক লুইস

ক্রীড়া প্রতিবেদক

প্রিয় ওপেনিং পজিশনে নামতে পারেননি। সেখানে লোকেশ রাহুলের সঙ্গে খেলেছেন কুইন্টেন ডি কক। এভিন লুইসের জায়গা হয়েছিল চার নম্বরে। মাঝের ওভার সামলানোর ভূমিকা পেয়ে চেনা সেই বিস্ফোরক ভূমিকাতেই দেখা দিলেন তিনি। তার উত্তাল ইনিংসে চেন্নাই সুপার কিংসের পাহাড় চড়ে জিতল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট।

ম্যাচ শেষে লুইস জানালেন, ভূমিকা বদল হলেও তিনি তার সামর্থ্যে ভরসা করেই বাজিমাত করেছেন। মুম্বাইর ব্রেবোর্ন স্টেডিয়ামে বৃহস্পতিবার আইপিএলের ম্যাচে চেন্নাইর ২১০ রান তাড়া করে ৬ উইকেটে জিতেছে লক্ষ্ণৌ।

তাতে চারে নেমে ২৩ বলে ৬ চার, ৩ ছক্কায় ৫৫ করে নায়ক ক্যারিবিয়ান লুইস। ম্যাচ শেষে এই বাঁহাতি জানালেন, উইকেট বেশ ভালো থাকায় তার কাজটা হয়েছে সহজ, 'খুব ভাল উইকেট ছিল। সুযোগ নিয়েছি, কাজে লাগিয়েছি। আমি আমার সামর্থ্যে আস্থা রাখি। বড় মঞ্চে আমি আমার পরিকল্পনা সহজ রাখি। নিজের জন্য এবং দলের জন্য সেরাটা দিতে পারি তাতে।'

এদিন আগে ব্যাটিং পেয়ে রবিন উত্থাপা,শিভম দুবে, মঈন আলিদের ঝড়ে বড় রানে চড়েছিল চেন্নাই। চেন্নাইর ২১০রানে অবদান অনেকের। ওপেনে নেমে উত্থাপা ২৭ বলে ৫০, মঈন ২২ বলে ৩৫, দুবে ৩০ বলে ৪৯, আম্বাতি রাইডু ২০ বলে ২৭, রবীন্দ্র জাদেজা ৯ বলে ১৯, মহেন্দ্র সিং ধোনি ৬ করেন বলে ১৬।

পাহাড়সম সেই পুঁজি ওপেনিংয়ে আসে ঝড় শুরু। দুই ওপেনার রাহুল-ডি কক মিলে আনেন ৯৯ রান। রাহুল থামেন ২৬ বলে ৪০ করে। অ্যাঙ্কর রোল পালন করে ৪৫ বলে ৬১ করেন ডি কক। রানে বলে ব্যবধানটা নাগালের বাইরে যেতে না দিয়ে ২৩ বলের বিস্ফোরক ইনিংস আসে লুইসের ব্যাট থেকে। শেষ দিকে আয়ুশ বাধোনি ৯ বলে ১৯ করেও রেখেছেন অবদান।