নিজের স্কিলের উপর দুর্দান্ত নিয়ন্ত্রণে চেহেলের অমন সাফল্য
জস বাটলারের দারুণ সেঞ্চুরিতে দুশো ছাড়ানো পুঁজি নিয়েও স্বস্তিতে ছিল না রাজস্থান রয়্যালস। রানে ভরা উইকেটে অ্যারন ফিঞ্চ, শ্রেয়াস আইয়ারদের ব্যাটে জেতার পথে ছিল কলকাতা নাইট রাইডার্স। হাতে ৬ উইকেট নিয়ে শেষ ৪ ওভারে কলকাতার যখন দরকার ৪০ রান, তখন এক ওভারে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দেন যুজভেন্দ্র চেহেল।
প্রথম ৩ ওভারে ৩৮ রান দেওয়া চেহেল নিজের শেষ ওভারে হ্যাটট্রিকসহ নেন ৪ উইকেট। আইপিএলে সোমবার রাতে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে মুম্বাইর ব্রেবোর্ন স্টেডিয়ামে ৭ রানে কলকাতাকে হারায় রাজস্থান। রাজস্থানের ২১৭ রানের জবাবে শ্রেয়াস থামেন ২১০ রানে। ৪ ওভারে ৪০ রানে ৫ উইকেট নিয়ে তাতে নায়ক চেহেল।
চেহেল যখন নিজের শেষ ওভারটি করতে আসেন তখন আগ্রাসী শ্রেয়াসে আশা ঝলমল করছিল কলকাতার। দারুণ এক গুগলিতে ক্রিজ থেকে টেনে বের করে প্রথম বলে কাবু করেন ভেঙ্কেটেশ আইয়ারকে। পরের দুই বলে ১টি সিঙ্গেল ও ওয়াইড আসে। হ্যাটট্রিকের শুরুটা শ্রেয়াসকে দিয়ে চতুর্থ বলে। ৫১ বলে ৮৫ করা কলকাতা অধিনায়ক হন এলবিডব্লিউ। পঞ্চম বলে তেড়েফুঁড়ে মারতে গিয়ে ক্যাচ উঠিয়ে বিদায় নেন শিভম মাভি।
শেষ বলে ক্ল্যাসিকাল এক লেগ স্পিনে প্যাট কামিন্সকে ধরাশায়ী করেন চেহেল। কামিন্সের ব্যাট ছুঁয়ে বল আশ্রয় নেয় সঞ্জু স্যামসনের গ্লাভসে। উল্লাসে ছুটে গিয়ে মাটিতে বসে বিশেষ এক পোজ দিতে দেখা যায় এই লেগ স্পিনারকে। ম্যাচ শেষে জানান সেই উদযাপনের পেছনের গল্প, '২০১৯ সালে একটি মিম হয়েছিল। সেটা মাথায় রেখেই পাঁচ উইকেট নিয়ে ওভাবে উৎসব করেছি।'
প্রথম দিকে মার খেলেও পরে নিজেকে সামলে কীভাবে সাফল্য আনলেন চেহেল জানালেন বিস্তারিত, 'ফল পক্ষে আনতে আমাকে উইকেট নিতে হতো। আমি আমার বোলিং নিয়ে কাজ করেছি। আমি কোচ ও অধিনায়কের সঙ্গে কথা বলেছি। ডানহাতি ব্যাটসম্যানদের শরীর থেকে দূরে ফুল লেংথে বল ফেলছিলাম, যাতে বড় বাউন্ডারির দিকে মারতে বাধ্য হয় তারা।'
কামিন্সকে করা হ্যাটট্রিক বলটা শুরুতে গুগলি করার কথা ভেবেছিলেন চেহেল। পরে চিন্তা বদলে যান প্রথাগত লেগ স্পিনের দিকে, 'আমি ভেবেছিলাম গুগলি করব। তার পর ভাবলাম সহজ বলই করি ভাল। তবে ভেঙ্কটেশকে গুগলি করাটা কাজে এসেছে।'
দলের বোলিং মেন্টর লাসিথ মালিঙ্গাও উচ্ছ্বসিত চেহেলের নৈপুণ্য। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এই লঙ্কান কিংবদন্তি জানান, নিজের দক্ষতার উপর দুর্দান্ত নিয়ন্ত্রণ থাকায় মোড় ঘুরিয়ে দেওয়া সাফল্য আনতে পেরেছেন চেহেল, 'সে দেশের (ভারতের) সবচেয়ে অভিজ্ঞ লেগ স্পিনার, আইপিএলেও সে খুব অভিজ্ঞ। সে দেখিয়েছে সে কতটা ভাল, নিজের স্কিলের উপর কতটা দুর্দান্ত নিয়ন্ত্রণ তার আছে সে দেখিয়েছে। আমরা জানি লেগ স্পিনাররা উইকেট টেইকিং, সে দেখিয়েছে কীভাবে উইকেট নিতে হয়। এক ওভারে কীভাবে ম্যাচ ঘুরিয়ে দেওয়া যায়।'