নির্বাচকদেরও বিকল্প পায়নি বিসিবি, তাই মেয়াদ বাড়ল

ক্রীড়া প্রতিবেদক

নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়েছে গত বছর। কিন্তু মিনহাজুল আবেদিন নান্নুর কমিটিই চালিয়ে যাচ্ছিলেন কাজ। অনেক ক্রিকেটারের মতো তাদেরও  এবার বিকল্প না থাকার কথা শোনা গেল এবার। সেকারণে দেখিয়েই বাড়ানো হয়েছে মেয়াদ।

বৃহস্পতিবার বিসিবি পরিচালনা পর্ষদের সভায় অন্যতম এজেন্ডা ছিল নির্বাচক কমিটির। তাতে অনুমিতভাবেই মিনহাজুলের কমিটি ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পেয়েছে। কমিটির অন্য দুই সদস্য হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকের সঙ্গে আরও দুজনকে যুক্ত করার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

২০১১ সালে বিসিবির নির্বাচক কমিটির একজন সদস্য হিসেবে নিয়োগ পান মিনহাজুল। ২০১৬ থেকে সাবেক অধিনায়ক পালন করছেন প্রধান নির্বাচকের দায়িত্ব। ২০২৩ সাল পর্যন্ত একই ভূমিকায় দেখা যাবে তাকে।

এই পদে বদল না হওয়ার কারণ হিসেবে বোর্ড সভাপতি জানান, তাদেরকে কেউই কোন বিকল্প নাম দিতে পারেননি, 'আমি বারবার বলছিলাম যে নাম নিয়ে আসো, প্রস্তাব দাও কারা হতে পারে (নির্বাচক)… আজকের সভায়ও কেউ কারও নাম প্রস্তাব করতে পারেনি। এমন কাউকে পায়নি যাকে এখানে নিয়ে আসতে পারে। সেজন্য ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে প্রস্তাব করা হয়, যারা আছে, তাদের মেয়াদ বাড়াতে। সামনের বছরের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ওরা থাকবে। এর মধ্যে আমরা কিছু একটা করব।'

আরও দুই সদস্য নেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি জানান, কাজের পরিধি বাড়াতে এটা করছেন তারা, 'এখন এত খেলা, বয়সভিত্তিক পর্যায়ের যে খেলাগুলো হয়, জাতীয় দলের খেলাই ওরা দেখে শেষ করতে পারে না, এত খেলা… এজন্য তিন জনের সঙ্গে আমরা আরও দুজনকে অন্তর্ভুক্ত করব। এই সিদ্ধান্ত আমরা নিয়েছি।'