নেতৃত্ব থেকে সরে দাঁড়ানো রুট উইজডেনের সেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক

ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব থেকে জো রুট সরে দাঁড়িয়েছেন কিছুদিন আগে। পদত্যাগের রেশ কাটতে না কাটতেই দারুণ এক সম্মাননা পেলেন তিনি। বৃহস্পতিবার ডানহাতি এই ব্যাটারকে ২০২১ সালের লিডিং ক্রিকেটার নির্বাচিত করেছে উইজডেন।

ব্যাট হাতে গত বছর অসাধারণ ছন্দে ছিলেন রুট। ১৫ টেস্টে ৬১ গড়ে তিনি করেন ১৭০৮ রান। ক্রিকেটের সবচেয়ে কুলীন সংস্করণে এক বর্ষপঞ্জিতে এটি কোনো ব্যাটারের তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ। এমন ঝলমলে পারফরম্যান্সের সুবাদে উইজডেনের সেরার পুরস্কার পেয়েছেন তিনি।

ব্যক্তিগত নৈপুণ্য চোখ ধাঁধানো হলেও দলগতভাবে ব্যর্থতা সঙ্গী হয়েছিল রুটের। সেকারণে অনেকটা বাধ্য হয়ে নেতৃত্ব ছাড়তে হয় তাকে। ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ১৭ টেস্ট খেলেছে ইংল্যান্ড। মাত্র একটিতে জয়ের স্বাদ নিতে পেরেছে তারা।

২০০৩ সালে লিডিং ক্রিকেটারের পুরস্কারটি চালু হওয়ার পর ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে এটি জিতেছেন রুট। ২০০৫ সালে সাবেক তারকা অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ হয়েছিলেন উইজডেনের সেরা। আর যাকে ইংল্যান্ড টেস্ট দলের পরবর্তী অধিনায়ক ভাবা হচ্ছে, সেই বেন স্টোকস লিডিং ক্রিকেটার হয়েছিলেন টানা দুবার (২০১৯ ও ২০২০)।

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের ২০২১ সালের শীর্ষ পাঁচ ক্রিকেটারের তালিকায় আছেন রুটের জাতীয় দলের সতীর্থ অলি রবিনসন। বাকিরা হলেন ভারতের জাসপ্রিত বুমরাহ, রোহিত শর্মা; নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও দক্ষিণ আফ্রিকা নারী দলের ডেন ফন নিকার্ক।

লিডিং নারী ক্রিকেটারের পুরস্কার গেছে লিজেল লির ঝুলিতে। দক্ষিণ আফ্রিকার মেয়েদের পক্ষে এই সম্মাননা অর্জন করা প্রথম খেলোয়াড় তিনি। লিডিং টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।